
শুভেন্দু অধিকারী ও চন্দ্রিমা ভট্টাচার্য।
শেষ আপডেট: 25 November 2024 23:56
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে তখন দলীয় ৫০ জন বিধায়ককে নিয়ে সল্টলেক সিটি সেন্টারে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যা নিয়েও ফের তরজায় জড়াল শাসক-বিরোধী। শুভেন্দুকে খোঁচা দিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য টেনে আনলেন উপ নির্বাচনে বিজেপির গো হারান হারের প্রসঙ্গ। জবাবে তৃণমূলকে 'ব্য়ক্তি মালিকানার প্রাইভেট লিমিটেড' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা।
এর আগে 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'দ্য কেরালা স্টোরি'-র ক্ষেত্রেও একই দৃশ্য দেখা গিয়েছিল। সতীর্থদের সঙ্গে নিয়ে দল বেঁধে সিনেমা দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু কর সেবকের। অভিযোগ, অযোধ্যায় করসেবা করে ফেরা মানুষজনের ওপর আক্রমণ করতেই ইচ্ছে করে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরই গুজরাতে হিংসার ঘটনা ঘটে, যা গোধরা কাণ্ড নামে পরিচিত।
হিন্দুদের ওপর নির্যাতনের ওই সিনেমা দেখে সত্য ঘটনা তুলে ধরার জন্য পরিচালকের ভূয়সী প্রশংসা করেন বিরোধী দলনেতা। এ প্রসঙ্গে এদিন দলের বৈঠকের পর চন্দ্রিমার খোঁচা, "কী আর করবে বলুন! উপ নির্বাচনে ৬-০ হয়েছে। হারের দুঃখ ভুলতে সিনেমা দেখতে গেছে!"
জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতাও। শুভেন্দু বলেন, "ওটা কি রাজনৈতিক দল নাকি! ওটা তো ব্যানার্জী পরিবারের পারিবারিক মিটিং!"
এই প্রসঙ্গে টেনে এনেছেন কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর প্রসঙ্গও। শুভেন্দু বলেন, "রুচিরা নারুলার অ্যাকাউন্টে লালার টাকা গেছে। এটা প্রমাণিত সত্য। তাই চার্জ গঠন ঠেকাতে বিকাশকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।"
আদালতের পথে বিকাশ দাবি করেছে, সে মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "বিকাশ মিশ্রর কাছে বন্দ্যোপাধ্যায় পরিবার নিয়ে নিশ্চয়ই কিছু তথ্য আছে তাই তিনি একথা বলছেন।"