
জ্য়োতিপ্রিয় মল্লিক এবং শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 10 February 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি ইডি। তাই জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন। সোমবার বিধানসভায় এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই মন্তব্যকেই হাতিয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডিকে বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।
জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তদন্ত এবং বিচারব্যবস্থাকে প্রভাবিত করবে বলেই মত শুভেন্দুর। তাই ইডিকে তিনি পরামর্শ দিয়েছেন যাতে, উচ্চ আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিন বাতিলের আর্জি জানানো হয়। শুভেন্দুর কথায়, 'জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল। চার্জশিটে তাঁর চুরির নথি দিয়ে তা জমা দিয়েছিল ইডি। যে মন্তব্য করা হয়েছে তাতে সাক্ষীরা ভয় পাবে, কারণ রাজ্যের পুলিশমন্ত্রী বলছেন জ্যোতিপ্রিয় নির্দোষ। তাই তিনি যদি এমন বলে থাকেন তাহলে ইডির উচিত উচ্চ আদালতে জামিন বাতিলেন আবেদন করা এবং এই দুর্নীতির মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়া।'
কয়েক সপ্তাহ আগেই জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর তাঁকে বিধানসভায় দেখা গেছিল। এদিকে খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় কিছু রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জ্যোতিপ্রিয়কে তিনি আবার মন্ত্রিসভায় ফেরাবেন কিনা, তা নিয়ে জনমানসে তো বটেই দলের অভ্যন্তরেই কৌতূহল রয়েছে। এই অবস্থায় মমতার তাঁকে নিয়ে এমন মন্তব্য তাও বিধানসভার অন্দরে আরও বেশি চর্চা বাড়িয়েছে। তবে সেটাকেই হাতিয়ার করে পাল্টা দাবি তুলতেও দেরি করেননি শুভেন্দু অধিকারী।
লোকসভা ভোটের পর থেকেই রাজ্য মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে তৃণমূলের ঘরোয়া মহলে একটা আলোচনা চলছে। তাকে নিছক জল্পনা বললে হয়তো লঘু করা হবে। কারণ, এ ব্যাপারে উপরের সারিতে একটা চর্চা রয়েছে বলেই খবর। অবশ্য এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে কিছু বলেননি। মন্ত্রিসভায় রদবদল হবে কিনা তাঁর অগ্রাধিকার ও এক্তিয়ারের মধ্যেই পড়ে। তবে তৃণমূলের একাংশে ধারণা ফেব্রুয়ারি মাসে একটা রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বালু ফের মন্ত্রী হন কিনা, সেটা দেখার বিষয় হবে।