
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 13 May 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেগুলি হাতিয়ার করেই তৃণমূল দাবি করেছে, সন্দেশখালির যাবতীয় ঘটনা বিজেপির সাজানো। তবে পাল্টা বিজেপির দাবি, ষড়যন্ত্র করেই সত্যি ঢাকতে এইসব ভিডিও বানিয়েছে তৃণমূল। সোমবার ভোটের চতুর্থ দফায় এই ভিডিও ইস্যুতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি?
সন্দেশখালিতে তৃণমূল শূন্য হয়ে গেছে। সেখানে পুলিশ মানে তৃণমূল এবং তৃণমূল মানেই পুলিশ! এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর ভিডিও প্রসঙ্গে তাঁর অভিযোগ, ''এইসব ভিডিও করার পিছনে ভাইপোর মস্তিষ্ক রয়েছে। আইপ্যাককে দিয়ে এই কাজ করানো হয়েছে।'' রাজ্যের পুলিশও এই ষড়যন্ত্রে যুক্ত বলে দাবি শুভেন্দু। তিনি নাম নিয়েছেন এসপি, এসডিওর! অত্যাচারিত মহিলাদের বিরুদ্ধে তৃণমূল মিথ্যে মামলা দায়ের করেছে বলেও দাবি করেন শুভেন্দু। গোটা বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান তিনি। যদিও কোনও কিছুতে ভয় না পেয়ে শুভেন্দুর ভবিষ্যদ্বাণী, সন্দেশখালিতে ১ লক্ষ ভোটে জিতবেন রেখা পাত্র।
পরপর ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। বিজেপি কর্মী গ্রেফতার নিয়ে থানা ঘেরাও করেন রেখা পাত্ররা। তারপরেই থানা থেকে কিছুটা দূরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করেন গ্রামের মহিলারা। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই সোমবার শুভেন্দু বলেছেন, ''সাধারণ মানুষ আন্দোলনের পথ বেছে নিতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ রয়েছে আগামী দিনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালির মহিলাদের হয়ে লড়াই করছেন। তৃণমূল খুব তাড়াতাড়ি বুঝে যাবে এর ফল।''
ভাইরাল ভিডিও ইস্যুতে তৃণমূল পাল্টা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, সন্দেশখালির এই ষড়যন্ত্রে চেয়ারপার্সনকে সহযোগিতা করেছিলেন পিয়ালী দাস-সহ বিজেপির একাধিক নেতৃত্ব। তাঁদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছে তৃণমূল। এর আগে এ ব্যাপারে গত শুক্রবার নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে তৃণমূল।
গত ৪ মে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের যে ভিডিও ফাঁস হয়েছিল, তাতে গঙ্গাধর স্পষ্টত জানিয়েছেন, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, এজন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন। সেই ভিডিওর পর আরও কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে আপাতত শোরগোল বাংলায়।