
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 27 March 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: নিউটনের তৃতীয় গতিসূত্র, যেখানে বলা হচ্ছে, 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে'। হিন্দুদের ভোট দিতে না দেওয়া, গৃহহীন করে রাখা, খুন, সন্ত্রাসের মতো অভিযোগে বারবার শুভেন্দুবাণে (Suvendu Adhikari) বিদ্ধ হয় তৃণমূল। বারুইপুরে এসপি (Baruipur SP) অফিসের সামনে বৃহস্পতিবারের বিক্ষোভসভা থেকেও বিরোধী দলনেতা তূণীর থেকে তির ছুড়তে ভুললেন না। স্পষ্ট করে বলে দিলেন, 'তৃণমূলী গুন্ডাদের যাবতীয় দুষ্কর্মের হিসেব হবে। হিসেব নেবে বিজেপি (BJP)।' শুধু তাই নয়, বলেই দিলেন এপ্রিলেই নবান্ন অভিযান কর্মসূচি হচ্ছে।
বুধবার শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) অনুমতি দিয়ে বলে, বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। শর্ত মেনে ১০০০ লোক নিয়ে এদিন সভামঞ্চ থেকে শুভেন্দু বললেন, "'২১ সালের পর থেকে একেরপর এক বিজেপি নেতা খুন হয়েছেন। এখনও ঘরছাড়া বহু বিজপি কর্মী-সমর্থক। বাংলায় গণতন্ত্র বলে কোনও শব্দ নেই। বারবার রক্ত ঝরেছে অথচ বিচার মেলেনি। তৃণমূলের খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।"
তাঁর কথায়, "২৩ সালের দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত নির্বাচন হয়নি। সন্ত্রাস চলছে, মনোনয়ন জমা দিতে বাধা থেকে জয়ের সার্টিফিকেট পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। আর পুলিশ? সে তো মমতা-ভাইপোর ইশারায় কাজ করছে। আমি শুধু একটাই কথা বলে যেতে চাই, নিউটনের থার্ড ল রয়েছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল। সব হিসাব হয়ে যাবে।"
লক্ষণ শেঠের কথা মনে করিয়ে দিয়ে বলেন, "আগে উনি বলতেন, ঢুকে দেখ, পা ভেঙে দেব। এখন তিনি ক্যালেন্ডার হয়ে গেছে। তেমনই সুশান্ত ঘোষকে খুঁজে পাওয়া যায় না। তেমনই ভাইপো অ্যান্ড কোম্পানিও চিরকাল থাকবে না।"
বস্তুত, বারুইপুরে বাধার মুখে পড়ে মিছিল না করেই ফিরতে হয়েছিল বিরোধী দলনেতাকে। তখন থেকেই এক প্রকার রণডঙ্কা বাজিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এর আগে তমলুক এবং হলদিয়ায় দলীয় কর্মসূচির ক্ষেত্রেও পুলিশি বাধার মুখে পড়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। পরে আদালতের অনুমতি নিয়ে এলাকায় মিছিল করে পদ্মশিবির।
এবার বারুইপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সেদিনই বিরোধী দলনেতা স্পষ্ট করে দেন, নির্ধারিত এসপি অফিসের সামনেই বিক্ষোভ কর্মসূচি করবেন তিনি। করলেনও। কর্মীদের উদ্দেশে গতিসূত্র ধরে বুঝিয়েও দিলেন ছাব্বিশের আগের নির্বাচনী গতিপথ। যার মধ্যে রয়েছে নবান্ন অভিযানও। বললেন, "চাকরিপ্রার্থীরা রাস্তায় ঘুরছেন। নার্স, আইসিডিএস, আশাকর্মীরা রাস্তায় ঘুরছেন। এবার নবান্ন অভিযান হবে। এপ্রিলেই হবে। দেখিয়ে দেব মিছিল কাকে বলে।"