
শেষ আপডেট: 7 March 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতির বারবেলায় ‘মুকুট’হীন হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। নারী দিবস উপলক্ষে শাসক শিবিরের যে মিছিল হয়েছে তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখা যায় তাঁকে। একইসঙ্গে মমতা-সাক্ষাৎও হয় তাঁর। এরপরই বিজেপির পক্ষ থেকে ধেয়ে এসেছে আক্রমণ।
২০২৩ সালের মে মাস। বিয়ে করেছিলেন মুকুটমণি অধিকারী। কিন্তু বিয়ের ১১ দিনের মাথাতেই তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন স্ত্রী স্বস্তিকা। বিষয়টিতে হইচই পড়ে যায়। স্বাভাবিকভাবেই তৃণমূলের তরফ থেকে গেরুয়া শিবিরকে যা নয় তাই বলা হয়েছিল। বর্তমানে তিনিই যোগ দিয়েছেন তৃণমূলে। বিষয়টিকে হাতিয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসেছেন মুকুটমণি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘‘নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিলে কে হাঁটছে দেখুন। বিয়ের ১১ দিনের মাথায় যাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে।’’ শুভেন্দুর কথায়, এমন মানুষই তৃণমূলের পোস্টার বয় হওয়ার যোগ্য।
বিগত কয়েকদিনের মধ্যেই কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন কৌস্তভ বাগচী। তৃণমূল থেকে বুধবারই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাপস রায়। আবার বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্মবাহিনীর সদস্য হয়েছেন। মুকুটমণি পাল্টা তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে ভাঙার চেষ্টা করলেন। কিন্তু এই যোগদান আসন্ন ভোটে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে।
সন্দেশখালিকাণ্ড নিয়ে এমনিতেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল। মহিলাদের অত্যাচার করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শাহজাহান সহ একাধিক অভিযুক্ত গ্রেফতার হলেও ক্ষোভ কমেনি বাসিন্দাদের। তারমধ্যে নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিলে এমন একজন দলে যোগ দিয়েছেন যাঁর বিরুদ্ধেও কার্যত একই অভিযোগ। বিজেপির আক্রমণ এবার তৃণমূল কীভাবে সামলাবে সেটা দেখা বিষয় হতে চলেছে।
ঠিক কী অভিযোগ আছে মুকুটমণির বিরুদ্ধে? তাঁর স্ত্রী স্বস্তিকা দাবি করেছিলেন, বিয়ের পরের দিন থেকেই নাকি মুকুটমণি বিবাহবিচ্ছেদ চাইছিলেন। এমনকী মোটা অঙ্কের টাকাও দাবি করেছিলেন। নির্যাতন ছাড়াও তাঁর বিরুদ্ধে তোলাবাজি, বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। মোট ৬টি ধারায় মামলা করেছিলেন মুকুটমণির স্ত্রী।