
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 21 February 2025 21:12
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের জাল ওষুধের (Fake Medicine) হদিশ মিলেছে। হাওড়ার আমতায় (Amta) হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত ২০ লক্ষ টাকার ওষুধ। এই ঘটনা নিয়ে মুখ খুলে রাজ্য পুলিশ এবং সরকারকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, সকলে মিলিতভাবে এই কাজ করে আসছে।
মহাকুম্ভে গেছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে সেখান থেকেই ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জাল ওষুধ প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ''গোটা রাজ্যে জাল নেই এমন জায়গা নেই। জাল কোভিড ভ্যাকসিনও সাংসদের গায়ে দেওয়া হয়েছিল। এই সব ঘটনার সঙ্গে রাজ্যের পুলিশ, সরকার এবং শাসক দল জড়িত।'' শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না বলে বিধানসভায় স্বাস্থ্য দফতরের প্রশ্নোত্তর হয় না। বিরোধী দলের বলার সুযোগ নেই, বাইরে বললেও গুরুত্ব দেওয়া হয় না। রাজ্যের বিরোধী নেতার এও বক্তব্য, রিগিং করে ভোটে জিতছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এইসব ঘটনার প্রভাব পড়ছে না। তবে বিজেপি নেতা আশাবাদী সে দিন আসছে, যেদিন বাংলা থেকে এই দল, সরকার বিতাড়িত হবে।
শুক্রবার হাওড়ার আমতার এক গুদামে পাওয়া গেছে ২০ লক্ষ টাকার জাল ওষুধ। জানা গেছে, হোলসেলারের মালিক বিহারের পাটনা থেকে জাল ওষুধ আমতায় আনতেন। গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিক বাবলু মান্নাকে। তদন্তের জন্য বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ওই এজেন্সি ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে বলে খবর।
মাত্র ক'দিন আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, আরও এক ওষুধ দুর্নীতি চলছে বাংলায়! তিনি উল্লেখ করেছিলেন, সরকারের অধীনে থাকা সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স সম্প্রতি রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলি সহ জেলার চিফ মেডিক্যাল অফিসারদের নোটিস দিয়ে বলেছে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিসের সাপ্লাই করা কোনও ওষুধ বা সামগ্রী ব্যবহার না করতে, তা বর্জন করতে।
শুভেন্দুর অভিযোগ ছিল, সরকারের তরফে বিষয়টি সম্পর্কে খোলাখুলি কিছুই বলা হয়নি, একটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে, কোন কোন ওষুধ নিষিদ্ধ হল বা ব্যবহার করা যাবে না, সে ব্যাপারেও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের থেকে উত্তর চেয়েছিলেন বিজেপি বিধায়ক।