
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 19 April 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে (Murshidabad) তৈরি হওয়া পরিস্থিতির জন্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, অশান্তির জন্য এক এবং একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী এবং পুরোটাই উনি হিসেব কষে করিয়েছেন! শনিবার ভবানীপুরের এক সভা থেকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে নতুন করে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু। কী বললেন তিনি?
জেলার ধুলিয়ান, সামসেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ওয়াকফ ইস্যুতে যে অশান্তি হয়েছে তার প্রতিবাদে এদিন ভবানীপুরে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে মিছিল ও পথসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুর্শিদাবাদ ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য, যতদিন জেলায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ততদিন ভাল। বাহিনী সরে গেলেই আবার হিংসা শুরু হবে।
শুভেন্দুর কথায়, ''বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী সরে গেলেই আবার একই পরিস্থিতি তৈরি হবে। তাই বাঁচতে গেলে সকলকে একজোট হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে হবে।'' এই প্রেক্ষিতেই 'মমতা ভাগাও' বলে স্লোগান তোলেন তিনি। যদিও শনিবারই মুর্শিদাবাদ পরিদর্শন করে এসে রাজ্যপাল জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। তবে তিনি এও দাবি করেন যে, এলাকার মানুষ এখনও আতঙ্কিত।
মুর্শিদাবাদে বিগত কয়েক দিন ধরে ব্যাপক তাণ্ডব হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের ওপর হামলা হয়। বাড়ি-দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে খুন, সবই হয়েছে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় জেলায়। এখনও পর্যন্ত আধাসেনার টহল চলছে জেলায়। এলাকাবাসীর দাবি, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত। এলাকা ছেড়ে চলে না গেলে ক্ষতি করা হবে বলে ভয় দেওয়া হচ্ছে। তাঁরা চাইছেন, জেলায় স্থায়ী বিএসএফ ক্যাম্প হোক।