
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 12 February 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদে শেষ পূর্ণাঙ্গ বাজেট (West Bengal budget 2025) ঘোষণা হল বুধবার। এবার ভোট বছর। স্বাভাবিক ভাবেই মানুষের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনই পর্যবেক্ষণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি এটাই শেষ বাজেট মমতা সরকারের।
বিরোধী দলনেতার কথায়, "এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। ২ কোটি ১৫ লক্ষ বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা, এবং সামগ্রিক মালদা থেকে গৌর থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য কোনও প্রস্তাবনা নেই।"
শুভেন্দু এদিন বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে বলেন, "এই বাজেট কৃষক বিরোধী বাজেট। 'কৃষকবন্ধু'র জন্য কোনও অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। নতুন কোনও ঘোষণা নেই। কৃষকদের জন্য উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভরতুকি দেওয়ার কোনও প্রস্তাব নেই। প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাকসিডেন্টাল বেনিফিটের কোনও প্রস্তাব এই বাজেটে নেই।"
পূর্বাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, মানুষ ন্যুনতম পানীয়জল পান না। এমনই অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর কথায় সেই অঞ্চলের অনেকেই চিকিৎসার সুযোগ পান না। এর কোনও প্রস্তাবনা নেই বাজেটে। তাঁর কথায়, "পাহাড়ের গোর্খা জনজাতির, রাজবংশী, নমঃশূদ্র সমাজ, কুরমি সমাজের জন্য কোনও পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটা শব্দ, একটা বাক্য এই বাজেটে নেওয়া হয়নি।"
বাজেটের আগে সর্বদল বৈঠকে যোগ দেয়নি। বাজেট অধিবেশন থেকেও ওয়াকআউট করে বিজেপি। বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। তাঁদের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।