
শেষ আপডেট: 14 September 2022 13:54
দ্য ওয়াল ব্যুরো: ‘সপ্তপদী রিভিজিটেড’। গতকালের নবান্ন অভিযানে শুভেন্দু–পুলিশ বচসার পর একথাই বলছেন অনেকে (Suvendu Adhikari)। সপ্তপদী সিনেমায় সুচিত্রা সেন অভিনীত চরিত্র রিনা ব্রাউন বলেছিলেন, ‘আমাকে টাচ করবেন না’। আজ, বৃহস্পতিবার বিধানসভায়ও একই কথা বললেন লাভলি মৈত্র, জুন মালিয়ারা।
মঙ্গলবার দলের নবান্ন অভিযানে যোগ দিতে বেহালার বাড়ি থেকে সকালে বেরোন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জেমল লং সরণি, তারাতলা হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে সাঁতরাগাছি হয়ে নবান্ন যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পিটিএসের কাছেই শুভেন্দু, লকেট, রাহুলদের আটকায় পুলিশ। শুভেন্দু অভিযোগ করেন, মহিলা অফিসারদের দিয়ে তাঁকে আটকানো হচ্ছে। তিনি বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি। ইউ আর অ্যান উইম্যান অ্যান্ড আই অ্যাম মেল (আপনি মহিলা এবং আমি পুরুষ)।’’ বেশ কিছু ক্ষণ তর্কাতর্কি চলে।
ওই ঘটনাকে নিয়ে দিনভর রঙ্গ–রসিকতা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়তে থাকে বিভিন্ন মিমসে। কিন্তু এবার তার রেশ পৌঁছে গেছে বিধানসভায়। সেখানে বিরোধী দলনেতাকে বেকায়দায় ফেলতে তৈরি হচ্ছেন তৃণমূলের মহিলা বিধায়করা। তাঁরা ঠিক করেছেন শুভেন্দু বিধানসভায় এলেই তাঁকে ‘ডোন্ট টাচ মাই বডি’ বলবেন তাঁরা।
মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া শুভেন্দুর উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, ‘ওঁর কথা শুনে আমার সুচিত্রা ম্যাডামের রিনা ব্রাউনের সংলাপের কথা মনে পড়েছে। মাঝে মাঝে নির্মল আনন্দও রাজনীতিতে দরকার।’ অন্যদিকে, লাভলি জানিয়েছেন, শুভেন্দু বিধানসভায় ঢুকলেই তাঁরা তাঁকে ঘিরে ধরবেন। লাভলির বক্তব্য, ‘সব মেয়েদের নাকি মা দুর্গার চোখে দেখে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব থেকে বাজে কথা বিরোধী দলনেতাই বলেন। কালকে যেটা হল, সেটা পুরো কমেডি। এনজয় করলাম। আমরা উনি এলেই বলব, ডোন্ট টাচ মাই বডি। উল্টোটাও বলতে পারি, ইউ আর লেডি আই অ্যাম মেল।’
এদিন বিধানসভা জুড়ে শুধুই, ‘ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি।’ তৃণমূলের প্রবীণ থেকে নবীন, সব বিধায়কের মুখেই একই কথা। চলছে মস্করা, হাসি–ঠাট্টা। অধিবেশনে যোগ দিতে শুভেন্দু এলে তখন তাঁকে ঘিরে যখন মহিলা বিধায়করা তাঁরই বক্তব্য আওড়াবেন, তখন তিনি কী প্রতিক্রিয়া দেবেন। সেটাই এখন কৌতুহলের বিষয়।
পার্থ-অর্পিতা দু'জনেই কেঁদে ভাসালেন শুনানিতে, ভার্চুয়াল শুনানিতে নাটকীয় দাবি অপার