
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 7 November 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও নিয়োগেও পশ্চিমবঙ্গে বিস্তর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, "তৃণমূল সরকারের ওপর তলা থেকে নীচতলা পুরোটাই দুর্নীতিতে নিম্মজ্জিত। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যের একাধিক বিডিওকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে টাকার বিনিময়ে।"
এ ব্যাপারে বিরোধী দলনেতার আরও দাবি, "ওবিসি কোটায় ২৫ লক্ষ টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে অনেকে বিডিও-র চাকরি পেয়েছেন। এরাই সরকারের হয়ে দুর্নীতি করছে।" এ ব্যাপারে যথাস্থানে তিনি অভিযোগ জানাচ্ছেন বলেও জানান।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রে। শুভেন্দুর দাবি, অবাধ ভোট হলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। পুজোর আগে রাজ্যের চারটি বিধানসভায় উপ নির্বাচন হয়েছিল।
সেই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, "বাগদা, রানাঘাট, মানিকতলায় হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। এবারেও ৬টি কেন্দ্রে তৃণমূল হিন্দুদের ভোটদান আটকানোর চেষ্টা করবে।"
একই সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছেন শুভেন্দু। লোকসভা ভোটে সন্দেশখালির বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। সম্প্রতি তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে ফিরহাদের বিরুদ্ধে। এ ব্যাপারে ফিরহাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা।