.jpeg)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 26 November 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের জন প্রতিনিধিদের ডাকা হয় না বলে অতীতেও বারে বারে অভিযোগ করেছে বিজেপি। এবার এবিষয়ে রাজ্য সরকারকে নজিরবিহীন আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারের উদ্দেশে শুভেন্দু বলেন, "সরকারি টাকায় একাধিক অনুষ্ঠান হয় জেলায় জেলায়, অথচ বিরোধী দলের এমপি, এমএলএদের ডাকা হয় না। ওদের কি বাপের টাকা? এটা কি ওদের পৈত্রিক সম্পত্তি নাকি? এজন্যই বাংলার সংবিধান বিপন্ন।"
এ প্রসঙ্গে প্রাক্তন শাসক বাম আমলের কথাও টেনে এনেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, "এরা বুদ্ধবাবুকে 'আমরা-ওরা' বলে অ্যাটাক করতো, আমিও তখন ছিলাম ওদের দলে। কিন্তু এখন তো 'ওরা-আমরা' চরম পর্যায়ে গিয়েছে!"
অতীতে বাম আমলে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন বিরোধী দলের সদস্যরা। এমনকী সংসদেও এখনও সেই নিয়ম মানা হয়। সুস্থ গণতন্ত্রের স্বার্থে এটাই হওয়া উচিত জানিয়ে শুভেন্দু বলেন, "ব্যতিক্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ। সব ওদের লোক। একটাও বিরোধীদের দেওয়া হয়নি।"
এমনকী স্পিকারের চেয়ারে বসে বিমান বন্দ্যোপাধ্যয়া রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন বলেও এদিন অভিযোগ করেছেন শুভেন্দু। এ ব্যাপারে লোকসভার স্পিকার এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনি চিঠি দেবেন বলেও জানান।
শুভেন্দুর অভিযোগ, স্পিকার রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন, উনি রেজুলেশনে কেন্দ্রকে এবং ইডি,সিবিআইকে আক্রমণ করেছেন। স্পিকারের চেয়ারে বসে এটা করা যায় না। সংবিধান দিবসের গরিমাকে উনি নষ্ট করেছেন। এর বিরুদ্ধে চিঠি দেব।"