
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 11 November 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। ৯ আগস্টের নারকীয় ঘটনার পর জুনিয়র ডাক্তার থেকে শুরু করে রাজ্যের শাসক শিবিরও দোষীর ফাঁসির দাবি তুলেছে। তৃণমূলের তরফেও মিছিল করা হয়েছে এই ঘটনায় ন্যায়বিচার চেয়ে। তবে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করে বলেছেন, ন্যায়বিচারের নাম করে কাটমানি খাচ্ছে তৃণমূল! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ব্যাখ্যাও দিয়েছেন পদ্ম নেতা।
সুপ্রিম কোর্ট আরজি কর মামলার শুনানিতে রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মতো রাজ্য সরকারের তরফে রাত্তিরের সাথী প্রকল্পের ঘোষণা করা হয়। তার মাধ্যমেই হাসপাতালগুলিতে সিসিটিভি বসানোর টেন্ডার ডাকা হয়েছে। এই কাজের নাম করেই তৃণমূল সরকার টাকা তুলছে বলে অভিযোগ শুভেন্দুর। ঝাড়গ্রাম এবং আরামবাগের দুটি হাসপাতালের তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
শুভেন্দু বলেছেন, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৫টি সিসিটিভি লাগানোর কথা, তাতে মোট খরচ হবে ৩ কোটি ২২ লক্ষ ৫২ হাজার ৯২৩! অর্থাৎ ইউনিট প্রতি খরচ ১ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি সিসিটিভি লাগাতে হবে। তার জন্য খরচ হবে ১ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকা। ইউনিট প্রতি খরচ ৩ লক্ষ ৫১ হাজার ৯৭৪!
Justice for Abhaya or Cut money for Trinamool?
— Suvendu Adhikari (@SuvenduWB) November 11, 2024
TMC truly deserves applaud for turning a crisis into a money making opportunity !!!
After Hon'ble Supreme Court's direction to enhance security at the Medical Colleges in the State of West Bengal where vulnerable Female Health Care… pic.twitter.com/yeTdVmLpLN
বিজেপি নেতার স্পষ্ট দাবি, কলেজ-হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো নিয়ে কাটমানি তুলছে তৃণমূল। গোটা ঘটনাকে অত্যাশ্চর্য, অভাবনীয় বলার পাশাপাশি লজ্জাজনকও বলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে দুর্নীতিগ্রস্থ তা সকলের জানা। কিন্তু এই কাজ করে তাঁরা সব সীমা ছাড়িয়ে চলে গেছে। বিজেপি নেতার খোঁচা, ''এই সঙ্কটজনক পরিস্থিতিকে টাকা কামানোর সুযোগে পরিণত করার জন্য তৃণমূলের হাততালি প্রাপ্য।''