
শেষ আপডেট: 7 January 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকেই অনেকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, 'কোথায় আছেন শেখ শাহজাহান?' তৃণমূল নেতা শাহজানের বাড়িতে ইডি হানাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শুক্রবার সরবেড়িয়াতে তাঁর বাড়ি গিয়ে খোঁজ পাননি ইডি আধিকারিকরা। 'পলাতক' শাহজাহানকে খুঁজতে লুকআউট নোটিসও জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু'দিন কেটে গেলেও শাহজাহান কোথায় আছেন, কেউ বলতে পারছেন না। কিন্তু এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাহজাহানের 'ঘাঁটি'র হদিশ দিলেন!
ইডির গোয়েন্দারা এও সন্দেহ করছেন যে শাহজাহান বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যেতে পারেন বা পালানোর চেষ্টা করতে পারেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও রেখেছে ইডি। এমনকী বিএসএফ-কেও সজাগ থাকতে বলেছে ইডি। কিন্তু শুভেন্দু দাবি করছেন, শাহজাহান কোথাও পালাননি। সন্দেশখালিতেই আছেন তিনি।
বিরোধী দলনেতার কথায়, শাহজাহানের নামে লুকআউট নোটিস জারি করেছে ইডি। এমনকী বাংলাদেশ সরকারকেও জানিয়ে রেখেছে। তাই সন্দেশখালি ছেড়ে পালাতে পারেননি শাহজাহান। এলাকাতেই আছেন তিনি। হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে গা দিয়ে আছেন শাহজাহান।
শাহজাহানের খোঁজ কীভাবে পেলেন তাও বলেন শুভেন্দু। তাঁর দাবি, তৃণমূলের লোকেরাই তাঁকে শাহজাহানের খবর দিয়েছে। সন্দেশখালির তৃণমূল নেতা যে বাংলাদেশের পালননি, এমন জানিয়েছিলেন শাহজাহানের ভাই শেখ আলমগীরই। তবে দাদা কোথায় আছেন তা বলতে পারেননি তিনি ।
এই পরিস্থিতিতে শনিবার সন্ধেয় একটি অডিও ভাইরাল হয়। অনেকেই দাবি করছেন, সেই অডিওতে যে গলা আছে তা শাহজাহানের। সেখানে অনুগামীদের বার্তা দিয়েছেন তিনি। গোপন ডেরা থেকে পাঠানো ওই অডিওতে শাহজাহান বলেছেন, মৃত্যু একদিন হবেই, তা হলে এখন থেকে ভয় পেও না, ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই অডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভেন্দুই। যদিও তিনি শাহজাহানের নাম নেননি, তবে তাঁর ইঙ্গিত স্পষ্ট বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।