
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 9 February 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলকর্মী সন্তোষ যাদবকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনায় অশান্ত নৈহাটি। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কর্মী খুনে বিজেপিকে কাঠগড়ায় তুলে নৈহাটির গৌরীপুরে অবস্থিত বিজেপির কার্যালয় ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে রবিবার নৈহাটিতে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তিনি।
বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের পুলিশ রেজিস্টার্ড গুন্ডা হয়ে গিয়েছে। আমরা চাই পুলিশকে নিরপেক্ষ হতে হবে।
শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের সবচেয়ে বড় রেজিস্টার গুন্ডা হচ্ছে পুলিশ। সিপি, এসপি'র মতো পুলিশ কর্তারা নীতি নির্ধারণ করেন। তাঁদের যদি নির্বাচন কমিশন শিক্ষা না দেয় তাহলে বাংলা আগামীদিনে বাংলাদেশের থেকেও খারাপ হবে। এরপর নৈহাটির ঘটনাকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলার ঘটনার সঙ্গে তুলনা করে বলেন একই ধাঁচে দলীয় কার্যালয়ে তাণ্ডব চলেছে।
তবে এখানেই শেষ নয়। এদিন শুভেন্দু ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে গুন্ডা বলেও আক্রমণ করেন। গত ৩১ জানুয়ারি নৈহাটির পানিট্যাংকি এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হন। খুনের পিছনে বিজেপির নাম উঠে আসার পরই তারই রোষ গিয়ে পড়ে নৈহাটির গৌরীপুরে অবস্থিত বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে। তৃণমূলের বিরুদ্ধে ওই কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ওঠে। পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে।
ওই খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার, ৯ বিজেপিও মিছিল করল। নৈহাটি অরবিন্দ রোডের মুখ থেকে শুরু করে গৌরীপুর চৌমাথা মোড় পর্যন্ত এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৌস্তভ বাগচী-সহ বিশিষ্টরা। তবে শুভেন্দু এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে বেশিদিন চলবে না। মানুষ প্রস্তুত আছেন। সবকিছুর যোগ্য জবাব দেবেন।