
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 14 July 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ স্মরণ সভার আয়োজন করে আসছে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়লাভের পর শহিদ দিবসকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। আর এবার ওইদিনই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি। রবিবার রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় 'আক্রান্ত'দের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। ওই ধর্নামঞ্চে ৩৩০ জন আক্রান্ত যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। এদিনের ধর্না মঞ্চ থেকেই শাসক দলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'ধর্ম-বর্ণ-জাতপাত নির্বিশেষে বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।" সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা 'গণতন্ত্র হত্যা দিবস'-এর কর্মসূচি নিয়েছে বিজেপি।
লোকসভার পর রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনেও পর্যুদস্ত বিজেপি। বিজেপির অভিযোগ, ৪ কেন্দ্রের ভোট লুট হয়েছে। আর সেই প্রেক্ষিতে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালু করার বিষয়ে ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, "আগামীকাল সোমবার এলওপি পোর্টাল চালু করছি। যারা যারা ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করবেন। আপনাদের নাম দিয়ে রাষ্ট্রপতি থেকে সবকটি সংবিধানিক জায়গায় আমরা আবেদন করব।"
বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি, এমনও অভিযোগ শুভেন্দুর। তাঁর বক্তব্য, "২০২৩ সালে ১ কোটি লোককে ভোট দিতে দেয়নি। আমি পুরসভা, লোকসভায় লড়েছি। এই জিনিস আগে দেখিনি। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোটদানে বাধা দেওয়া হয়নি।"
একইসঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নন্দীগ্রামে ১৮ জুলাই মিছিল করবে বিজেপি। গোটা রাজ্যকেই নিজের এলাকায় আন্দোলনে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আবার ২২ জুলাই সিইএসসি অভিযানে নামছে গেরুয়া শিবির।