দ্য ওয়াল ব্যুরো: শনিবার, মরিশাসের রাজধানী মালে যাওয়ার পথে ১৪ মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিমান।
থিরুবন্তপুরম থেকে এয়ারফোর্সের বিমান আইএফসি ৩১ করে মালে যাচ্ছিলেন সুষমা। মালেতে নামার ঠিক আগে বিকেল ৪ টে ৪৪ মিনিট থেকে ৪ টে ৫৮ মিনিট অবধি, ১৪ মিনিট মালের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই বিমানটি। স্বভাবতই, উদ্বিগ্ন হয়ে পড়ে মালের এয়ার ট্রাফিক কন্ট্রোল। ভয়ে তারা ‘প্যানিক বাটন’ টিপে দেয় বলেও জানা যাচ্ছে।
চোদ্দ মিনিট পরে অবশ্য স্বাভাবিকভাবে মালে এয়ারপোর্টে অবতরণ করে এই বিমানটি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ স্পষ্ট করে জানা যায়নি।
ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস-এর সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সুষমা। সেখানে তিনি ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের বিদেশমন্ত্রীদের নিয়ে গঠিত আইবিএসএ-র সম্মেলনও যোগ দেবেন।
দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে মরিশাসের মালেতে সেই দেশের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সুষমা।