
স্ত্রীকে প্রেম নিবেদন করছেন সিউড়ির যুবক
শেষ আপডেট: 26 December 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর নাকি ভালবাসা মরে যায়। এমন কথা প্রচলিত আছে। কিন্তু আরও একটা কথা সবাই জানে, মানুষ ভালবাসার জন্য সবকিছু করতে পারে। বহু সিনেমা, সিরিজ, বই রয়েছে যেখানে দেখা গেছে, কেউ না কেউ ভালবাসার জন্য অনেক সীমানা পার করেছেন। তবে সিউড়ির যুবক নিজের ভালবাসা প্রকাশ করতে বেশি কিছু করেননি, সামান্য একটা জিনিস চুরি করেছিলেন। তাতেই শোরগোল।
শুধু তোমাকেই ভালবাসি... নিজের স্ত্রীকে নতুন করে বোঝাতে চেয়েছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। তাই প্রেম নিবেদন করার জন্য পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন তিনি। কিন্তু কম সময়ের মধ্যেই তিনি ধরা পড়ে যান পুলিশের হাতে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরই আসল ঘটনা সামনে আসে। যুবকের চুরি করার কারণ শুনে পুলিশের হাসব-না-কাঁদব অবস্থা। শেষমেশ অবশ্য তাঁকে গোলাপের তোড়া কিনে দেওয়া হয়। তা দিয়েই স্ত্রীকে প্রেম নিবেদন করেন যুবক।
সিউড়ি পুরসভার পুরপ্রধান এবং থানার তরফে যুবককে গোলাপের তোড়া কিনে দেওয়া হয়েছিল। তা দিয়েই থানা চত্বরের সামনে নিজের স্ত্রীকে 'প্রোপোজ' করেন যুবক। যদিও তার আগে তাঁকে দিয়ে মুচলেকায় সই করিয়ে নিয়েছে পুলিশ। যাতে লেখা, আর কোনও দিন চুরি করব না! কিন্তু বউকে প্রেম নিবেদন করতে গিয়ে চুরিই বা কেন করতে গেলেন তিনি?
ওই যুবক পুলিশকে জানিয়েছেন, বড়দিনে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন তিনি। তবে অত টাকা ছিল না। সেই কারণেই স্ত্রীকে ভালবাসা ব্যক্ত করতে এই কাজ করেছেন। পুলিশকে অবশ্য যুবক স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এমন কাজ আর কোনওদিন করবেন না। যুবকের ব্যাখ্যা শুনে পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন।
স্বামীকে গ্রেফতার করা হয়েছে এই খবর শুনে থানায় ছুটে গেছিলেন স্ত্রী। তিনি অবশ্য এতকিছু ইতিহাস জানতেনই না। সেখানে গিয়ে জানতে পারেন। পরে থানা চত্বরেই হাঁটুমুড়ে বসে স্ত্রীকে লাল গোলাপের তোড়া দেন যুবক।
রাজ্যের অনেক পুর এলাকাতে সেই শহরের নাম দিয়ে এলইডি বোর্ড লাগান আছে। সিউড়িতেও সার্কিট হাউস সংলগ্ন জায়গায় তা ছিল। সেখান থেকেই ওই 'লভ' চিহ্ন খুলে নিয়েছিলেন যুবক। পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ঘটনার কথা শুনে প্রথমে খুব রাগ হয়েছিল। কারণ সৌন্দর্যায়নের জন্য পুরসভা ওই বোর্ড লাগিয়েছিল। চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু পরে আসল ঘটনা শুনে রাগ ধরে রাখতে পারেননি তিনি।