দ্য ওয়াল ব্যুরো : ২০১২ সালে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে মায়ানমার থেকে ভারতে ঢুকেছিল সাত রোহিঙ্গা। বৃহস্পতিবার তাদের দেশে ফেরত পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার । মায়ানমার সরকারও তাদের ফিরিয়ে নিতে আগ্রহী। গত বুধবার সুপ্রিম কোর্টে এক ব্যক্তি আর্জি জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ফেরাতে বারণ করা হোক । বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারকে বারণ করা সম্ভব নয় ।
যে সাত রোহিঙ্গাকে ফেরত পাঠানো হচ্ছে, তারা মায়ানমারের রাখাইন প্রদেশে কায়ুক দো শহরের বাসিন্দা। তাদের অসমের শিলচরে ডিটেনশান ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে মায়ানমারে ফেরত পাঠানো হবে।
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য রাষ্ট্রসঙ্ঘের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ভারতকে। রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি তেন্দাই অছিউমি বলেছেন, রোহিঙ্গারা স্বদেশে নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। প্রতিটি দেশের সরকার তাদের রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ।
ভারতে এখন ৪০ হাজার রোহিঙ্গা বাস করে। তাদের ১৬ হাজারের নাম রাষ্ট্রসঙ্ঘের উদ্বাস্তু সংক্রান্ত দফতরে নথিভুক্ত আছে। সরকারের দাবি, রোহিঙ্গারা নানা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখে । তারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ।