
শেষ আপডেট: 31 August 2023 07:29
দ্য ওয়াল ব্যুরো: হ্যাকারদের নজরে এবার খোদ সুপ্রিম কোর্টের (Supreme Court) অফিসিয়াল ওয়েবসাইট। শীর্ষ আদালতের তরফে নোটিস জারি করে বিষয়টি মানুষের সামনে আনা হয়েছে। সেই নোটিসে ভুয়ো ওয়েবসাইট থেকে সতর্ক করা হয়েছে জনসাধারণকে (Supreme Court Website face in Trouble)।
বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালতের তরফে জারি করা নোটিসে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য সুপ্রিম কোর্টের জাল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট থেকে লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ।
নোটিসে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট কখনওই কোনও ব্যক্তির কাছ থেকে তাঁর ব্যক্তিগত তথ্য যেমন পরিচয় পত্র, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য ইত্যাদি চায় না।
এছাড়াও শীর্ষ আদালত নোটিসে উল্লেখ করেছে, কেউ যদি ভুল করেও ওই জাল ওয়েবসাইটে ঢুকে পড়েন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে তৎক্ষণাৎ তাঁর ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বা ইমেইল ইত্যাদির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ভোট যে কোনও সময়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র