বিনয়, মুকেশের ফাঁসি রদের আর্জি শুনবে পাঁচ বিচারপতির বেঞ্চ, সুপ্রিম কোর্টে শুনানি মঙ্গলবার
দ্য ওয়াল ব্যুরো: ফাঁসির সময় প্রায় আগত। ২২ জানুয়ারি সকাল ৭টার অপেক্ষা করছে গোটা দেশ। তিহাড় জেলের তিন নম্বর সেলে সাজো সাজো রব। দিল্লির আদালত ফাঁসির সাজা ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে ওই মামলায় দোষী সাব্যস্ত বিনয় শর্
শেষ আপডেট: 10 January 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফাঁসির সময় প্রায় আগত। ২২ জানুয়ারি সকাল ৭টার অপেক্ষা করছে গোটা দেশ। তিহাড় জেলের তিন নম্বর সেলে সাজো সাজো রব। দিল্লির আদালত ফাঁসির সাজা ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে ওই মামলায় দোষী সাব্যস্ত বিনয় শর্মা (২৬) ও মুকেশ কুমার (৩২)। আগামী মঙ্গলবার এই রায় সংশোধনের আর্জি শুনবে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ।
নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনই দফায় দফায় সাজা মকুবের আর্জি জানিয়েছে শীর্ষ আদালতে। ফাঁসির সাজা ঘোষণার আগে অক্ষয় ঠাকুরের ১৪ পাতার রিভিউ পিটিশন খারিজ করে দেয় প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ। তার আগে বিনয় কুমার ও মুকেশের রিভিউ পিটিশনও খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সাজা ঘোষণার পরে রায় সংশোধনের আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করে বিনয় ও মুকেশ।

বিচারপতি এনভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আরএফ নারিম্যান, বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে বিনয় ও মুকেশের ফাঁসি রদের আবেদন শোনা হবে আগামী মঙ্গলবার। কিউরেটিভ পিটিশনে বিনয় শর্মার দাবি, তাদের প্রতি একপেশে মনোভাব দেখানো হয়েছে। রাজনৈতিক, প্রশানসিক সব ক্ষেত্রেই তারা ষড়যন্ত্রের শিকার। শুধুমাত্র লোকজনের সহানুভূতি পেতে একজনকে ফাঁসিতে ঝোলানো অনুচিত কাজ।
গত ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে নির্ভয়া মামলার আর এক দোষী অক্ষয় ঠাকুরও দাবি করেছিল, তাদের ফাঁসানো হয়েছে। ১৪ পাতার সেই রিভিউ পিটিশনে বেদ-পুরাণ থেকে দিল্লির দূষণ টেনে এনে অক্ষয় ঠাকুরের আইনজীবী এপি সিং যে ভাবে যুক্তি সাজিয়েছিলেন, সেই নিয়ে তুমুল সমালোচনা হয়। এমনকি এপি সিং এও দাবি করেছিলেন, ঘটনার সময় তার মক্কেল বিহারের ঔরঙ্গাবাদে নিজের বাড়িতে ছিলেন। তার কাছে বাসের টিকিট ও অন্যান্য প্রমাণ রয়েছে। চাইলে সেগুলো আদালতে জমা করা যাবে। এই মামলায় আর এক দোষী রাম সিং জেলের ভিতরে আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হতে পারে বলেও দাবি তুলেছিলেন তিনি।