Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছ'বছর পর ফের সুপ্রিম কোর্টে উঠছে রাজীব কুমার জামিন মামলা, সোমবার শুনানি হওয়ার কথা

সোমবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

ছ'বছর পর ফের সুপ্রিম কোর্টে উঠছে রাজীব কুমার জামিন মামলা, সোমবার শুনানি হওয়ার কথা

রাজীব কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 October 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ছ’বছর পরে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (DGP Rajeev Kumar) বিরুদ্ধে করা সিবিআইয়ের মামলা (CBI )। ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) যে আগাম জামিনের রায় দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে যায়। সোমবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। আদালতের সূত্রে খবর, মামলাটি শুনানির তালিকায় প্রধান বিচারপতির বেঞ্চের এক নম্বরে রাখা হয়েছে।

২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল। তিন দিনের মধ্যেই সেই রায়ের বিরুদ্ধে আপিল করে সিবিআই। কোর্টের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালের ৪ অক্টোবর মামলাটি শীর্ষ আদালতে দায়ের হয়। একই বছরের ২৫ ও ২৯ নভেম্বর মামলাটি শুনানি হয় এবং দ্বিতীয় দিনে রাজীব কুমারকে নোটিস পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০ ডিসেম্বর সেই নোটিস তাঁর হাতে পৌঁছয়। তারপর থেকে একাধিক প্রক্রিয়াগত আবেদন জমা পড়লেও, মূল শুনানিতে আর কোনও অগ্রগতি হয়নি। অর্থাৎ, এতদিনে মাত্র দু’বার মামলাটি আদালতের তালিকায় উঠেছিল।

উল্লেখ্য, সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। তখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার এবং তিনি সেই সিটের অন্যতম সদস্য। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মামলার তদন্ত রাজ্য পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই করবে। সিবিআইয়ের অভিযোগ, রাজীব তদন্তে ইচ্ছাকৃত ভাবে সহযোগিতা করেননি, বরং গুরুত্বপূর্ণ প্রমাণ ও নথি বিকৃত করেছেন যাতে মূল তথ্য গোপন থাকে। তবে রাজীব সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

রাজীবের দাবি, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। শিলংয়ে পাঁচ দিন ধরে, মোট ৪০ ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশ নেন এবং পরে কলকাতাতেও হাজিরা দেন। তবু সিবিআই তাঁর হেফাজত দাবি করে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট রাজীবকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়, কিন্তু মে মাসে সেই রক্ষাকবচ প্রত্যাহার করে। একই সঙ্গে আদালত জানায়, রাজীব চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন।

এরপর রাজীব কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। সিবিআইয়ের দাবি ছিল, তিনি প্রভাবশালী ব্যক্তি এবং জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হতে পারে। অন্যদিকে, রাজীবের আইনজীবীদের বক্তব্য, তিনি বারবার তদন্তে সহযোগিতা করেছেন, তাই হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই।

শেষ পর্যন্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীবের আগাম জামিন মঞ্জুর করে। আদালতের পর্যবেক্ষণ ছিল, তাঁকে একাধিকবার জেরা করা হয়েছে, কিন্তু নতুন কোনও তথ্যপ্রমাণ মেলেনি। তাই হেফাজতের প্রয়োজনীয়তা নেই। তবে শর্তসাপেক্ষে তাঁকে সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে এবং ৪৮ ঘণ্টা আগে নোটিস পেলে হাজিরা দিতে হবে। সেই শর্ত ভাঙলে সিবিআই জামিন বাতিলের আবেদন করতে পারবে।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় সিবিআই, যার শুনানি সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে হবে বলে জানা গিয়েছে।


```