দ্য ওয়াল ব্যুরো : দেশে বিপুল সংখ্যক বিচারকের পদ শূন্য । অথচ বিচারক পদে নিয়োগ হচ্ছে খুব ধীর গতিতে। এই নিয়ে বৃহস্পতিবার বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে এক বেঞ্চ প্রতিটি রাজ্য সরকার ও হাইকোর্টকে বলেছে, শূন্য পদে বিচারক নিয়োগের জন্য কী করা হচ্ছে, শীঘ্র আমাদের জানানো হোক । আপনারা যদি নিয়োগ না করতে পারেন, আমরা কেন্দ্রীয়ভাবে নিয়োগ করব ।
সুপ্রিম কোর্টের ধারণা বিচারকদের শূন্যস্থান পূরণ করার কাজটিতে আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে না । একটি হিসাবে দেখা যায়, বর্তমানে দেশের নিম্ন আদালতগুলিতে বিচারকের ঘাটতি রেকর্ড ছুঁয়েছে । সব মিলিয়ে প্রায় ৬ হাজার বিচারকের পদ শূন্য । মেঘালয়ের মতো রাজ্যে নিম্ন আদালতগুলিতে মোট বিচারক পদের ৬০ শতাংশ শূন্য । বিভিন্ন হাইকোর্টে ৩৬ শতাংশ বিচারকের পদ ফাঁকা পড়ে আছে ।
দেশের নিম্ন আদালতগুলিতে এখন জমে থাকা মামলার সংখ্যা ২ কোটি ৬১ লক্ষ । তার মধ্যে ২২ লক্ষ ৫৭ হাজার মামলা জমে আছে ১০ বছর কিংবা তার বেশি সময় ধরে । কোনও কোনও মামলা ২০-৩০ বছর ধরেও বিচার হয়নি অনেক মামলার। ২৫ শতাংশ মামলা পাঁচ বছর ধরে জমে আছে । জমে থাকা মামলাগুলির ১০ শতাংশ করেছিলেন মহিলারা । পাঁচ শতাংশ করেছেন বয়স্ক নাগরিকরা ।