
শেষ আপডেট: 19 January 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালের নভেম্বর। মেদিনীপুর জেলা আদালতের পঞ্চম বিচারবিভাগীয় ম্যাজিসট্রেটের এজলাসে ছোট আঙারিয়া গণহত্যা মামলার শুনানি চলছিল। ওই মামলার শুনানিতে সিবিআইয়ের তৎকালীন আইনজীবী তাপস বসু এজলাসে বিচারপতির উদ্দেশে আক্ষেপের সুরে বলেছিলেন, “কীভাবে মামলা এগিয়ে নিয়ে যাব! রাজনৈতিক চাপে প্রত্যেকটা সাক্ষী বিরূপ হয়ে যাচ্ছে।”
সিবিআই আইনজীবীর আশঙ্কা সত্যি করে কয়েকবছর পর তথ্যপ্রমাণের অভাবে ওই মামলার অভিযুক্তদের সকলেই নির্দোষ ঘোষণা করেছিল আদালত।
এটি স্রেফ একটি উদাহরণ মাত্র। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে এমন হাজারও ঘটনার নজির রয়েছে।
আইনজীবীদের মতে, দেরিতে হলেও এবারে এ বিষয়ে পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।
আদালতে সাক্ষী দিতে এসে আক্রান্ত হতে পারেন, এমন সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি রাজ্যের হাইকোর্টকে এই ধরনের সাক্ষীদের জন্য বিশেষ জবানবন্দি কেন্দ্র তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে এই পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি মহারাষ্ট্র হাইকোর্ট এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশেকে সম্মতি জানাতে গিয়েই দেশের সমস্ত হাইকোর্টকে আক্রান্ত হতে পারেন এমন সাক্ষীদের সাক্ষ্য সংগ্রহের জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালত সূত্রের খবর, এর আগে ২০২১ সালে এ ব্যাপারে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং সূর্য কান্তের বেঞ্চ বেশ কয়েকটি নির্দেশ জারি করেছিল। তাতে বলা হয়েছিল. আক্রান্ত হতে পারেন এমন সাক্ষীদের জবানবন্দি সংগ্রহের জন্য একটি নিরাপদ এবং বাধা-মুক্ত পরিবেশ রাখা জরুরি।
এ ব্যাপারে প্রতিটি হাইকোটে Vulnerable Witness Deposition Centre (VWDC) Committee তৈরিরও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, যাঁরা এই বিষয়টির নজরদারি করবেন। এ ব্যাপারে বিচার বিভাগীয় কর্মকর্তা, বারের সদস্য এবং আদালত প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কমিট তৈরির নির্দেশও দেওয়া হয়েছিল। এবার এই বিষয়ে শুধু নির্দেশ নয়, ডেডলাইনও বেঁধে দিল শীর্ষ আদালত।