
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 22 April 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দফতরকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল অনুমোদনে অনীহা, দেরি করা এবং পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানোর বিষয়ে একটি জনস্বার্থ আবেদন হয়েছিল শীর্ষ আদালতে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যপালের দফতরকে নোটিস পাঠায় আদালত।
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্ট কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পাঞ্জাবের রাজ্যপালের মামলার দৃষ্টান্ত তুলে ধরেছিল। রাজ্যপালের বিরুদ্ধে কেরল সরকারের অভিযোগ ছিল, তিনি বিধানসভায় পাশ হওয়া আটটি বিল নিয়ে নিষ্ক্রিয় রয়েছেন। তাতে অনুমোদন দিতে অনীহা দেখাচ্ছেন।
একই অভিযোগ উঠেছিল পাঞ্জাবের রাজ্যপালের ক্ষেত্রেও। আম আদমি পার্টির সরকারের পাশ হওয়া বিল অহেতুক আটকে রাখার অভিযোগ উঠেছিল। কেরলের রাজ্যপালের সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলে, আপনি দুবছর ধরে বিল ধরে রেখেছেন কেন? বিল আটকে রাখার কোনও সদুত্তরও দেওয়া হয়নি রাজ্যপালের তরফে।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে উন্নয়নের ধারা আটকে রাখতেই রাজ্যপালদের দিয়ে এটা এক ধরনের কেন্দ্রীয় মতলব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অসংখ্যবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ তুলেছেন।
মমতা এবং তৃণমূলের অভিযোগ নির্বাচিত সরকারের পাশ করা বিল কোন যুক্তিতে আটকে রাখতে পারেন রাজ্যপাল। দেখা গিয়েছে, বিধানসভায় পাশ হওয়ার পরেও নানান সময়ে বিলকে আইনে কার্যকর করতে অনীহা দেখিয়েছেন সিভি আনন্দ বোস। আর তা নিয়েই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ আবেদন জমা পড়ে।