
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 September 2024 11:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই কেলেঙ্কারির মামলায় অভিষেক ও রুজিরাকে তলব করেছিল। তাঁরা সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সোমবার তাঁদের সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ইডি দিল্লিতে তলব করেছিল। কারণ, নিরাপত্তার প্রশ্নে তাঁদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে সংশয় প্রকাশ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু, তাঁরা আবেদনে জানিয়েছিলেন, দুজনের বাড়ি কলকাতায়। তাই তাঁদের কলকাতাতেই তলব করা হোক।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মা তাঁদের আবেদন খারিজ করে দিয়ে আগামী ১৩ অগস্ট রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে। এই মামলায় প্রবীণ কৌঁসুলি কপিল সিবালের নেতৃত্বে অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ আদালতে সওয়াল করেন। ইডির তরফে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এবং আইনজীবী জোহেব হোসেন।