
শেষ আপডেট: 18 April 2023 07:44
দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদকে (Atiq Ahmed) যেভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলেই। এবার এই খুনের মামলা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)। আতিক খুনের অভিযোগ গ্রহণ করেছে আদালত। এই মামলার শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।
কী অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টে? সংবাদমাধ্যম সূত্রে খবর, আদালতে যে পিটিশন দাখিল করা হয়েছে তাতে বলা হয়েছে যে আতিক ছাড়াও উত্তরপ্রদেশে অন্যান্য বিচারবহির্ভূত এনকাউন্টার হয়েছে সেগুলি তদন্ত করতে কমিটি গঠন করা হোক।
এই পিটিশনে আরও বলা হয়েছে, পুলিশের এমন পদক্ষেপ গণতন্ত্র বিরোধী। শাস্তির বিষয়টি বিচারবিভাগের অধীনেই হওয়া উচিত বলেও দাবি করা হয়েছে। এখন দেখার এই মামলার শুনানিতে কী উঠে আসে।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল, শনিবার সন্ধ্যায় মেডিক্যাল চেকআপের জন্য জেল থেকে আতিক ও তাঁর ভাই আশরাফকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি ঘেরাটোপের মধ্যে আচমকাই ঢুকে পড়ে আততায়ীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।
আতিক ও আশরাফের খুন নিয়ে হাজার প্রশ্ন উঠছে। পুলিশি নিরাপত্তার মধ্যে কীভাবে আততায়ীরা ঢুকে গুলি চালাল? পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার পিছনে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করতে উত্তরপ্রদেশ পুলিশ সিট গঠন করেছে।
'গুড্ডু মুসলিম…' বলতে বলতেই গুলি খান আতিক! কে ছিল সেই গুড্ডু, গুগুলেও ট্রেন্ডিং এই নাম