দ্য ওয়াল ব্যুরো: এর আগে একটানা ৩২১ দিন মহাকাশে কাটিয়ে এসেছেন। ফের একবার পাড়ি দেবেন মহাকাশে। তিনি, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তবে এ বার কিছুটা আলাদা হতে চলেছে সেই যাত্রা। প্রথমাবারের জন্য বাণিজ্যিক মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবেন সুনীতা।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব মহাকাশযান মহাকাশে পাড়ি দিত, সেগুলো প্রত্যেকটাই তৈরি করত ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ( নাসা )। কিন্তু তার জন্য বিভিন্ন যন্ত্রাংশ আনানো হতো বিভিন্ন দেশ থেকে। এই প্রথমবারের জন্য বাণিজ্যিক মহাকাশযান পাড়ি দেবে মহাকাশে। এই বাণিজ্যিক মহাকাশযান গুলি তৈরি করেছে স্পেসএক্স ও বোয়িং স্পেস নামের দুটি মার্কিন কোম্পানি। যদিও পুরো প্রক্রিয়া হয়েছে নাসার তত্ত্বাবধানে।
নাসা'র তরফ থেকেই এই কথা টুইটারে ঘোষণা করা হয়েছে। নাসার তরফে জানানো হয়েছে, সব প্রস্তুতি শেষ। এ বার অপেক্ষা আমেরিকার মাটি থেকে আমেরিকার বানানো মহাকাশযানে চড়ে আমেরিকার মহাকাশচারীদের মহাকাশে পাড়ি দেওয়ার। বর্তমানে বারবার পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে মহাকাশযানের সুরক্ষা ব্যবস্থা।
নাসার তরফে ন'জন মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়েছে যাঁরা পাড়ি দেবেন। দুজন করে চারটি পর্যায়ে ভাগ করে হবে এই যাত্রা। একজন প্রাক্তন মহাকাশচারী নেতৃত্ব দেবেন এই মহাকাশযাত্রার। এই নজন মহাকাশচারী হলেন, সুনীতা উইলিয়ামস (৫২), জশ কাসাডা (৪৫), রবার্ট বেহনকেন (৪৮), ডগলাস হার্লি (৫১), এরিক বো (৫৩), নিকোল মান (৪১), ভিক্টর গ্লোভার (৪২) ও মাইকেল হপকিন্স (৪৯)। পুরো প্রক্রিয়াটি হবে অভিজ্ঞ প্রাক্তন মহাকাশচারী ক্রিস্টোফার ফার্গুসনের (৫৯) তত্ত্বাবধানে।
প্রথম পর্যায়ে পাড়ি দেবেন সুনীতা উইলিয়ামস ও জশ কাসাডা। তাঁরা পাড়ি দেবেন হিউস্টনের জনসন স্পেস সেন্টার থেকে। এটা কাসাডার প্রথম মহাকাশ যাত্রা হতে চলেছে। ফলে পুরো দায়িত্বই থাকবে অভিজ্ঞ সুনীতা উইলিয়ামসের কাঁধে। মহাকাশ যাত্রার ইতিহাসে আরও এক নতুন মাইল ফলক থেকে আর মাত্র কয়েক কদম দূরে ভারতের আদরের 'সুনী'।