
শেষ আপডেট: 16 May 2023 06:57
দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), এই নামের জন্যই দলে দলে মানুষ এসে স্টেডিয়াম ভরাতে পারেন! চেন্নাই কেমন খেলল, জিতল কি হারল, তা নিয়ে ভাবার বিন্দুমাত্র অবকাশ নেই ধোনি প্রেমীদের। রবিবার চিপকে কি সেই ধোনির ফেয়ারওয়েল হয়ে গেল? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। কিন্তু ধোনি যতক্ষণ মাঠে আছেন, তিনিই শেষ কথা!
রবিবার চিপক দেখেছিল এক অন্য দৃশ্য। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকারের কীর্তি দেখে গোটা স্টেডিয়াম কুর্নিশ জানিয়েছিল (Sunil Gavaskar breaks down)। খেলা শেষে ধোনি যখন টিমমেটদের সঙ্গে মাঠ পরিদর্শন করছেন, তখন পেন নিয়ে ধোনির কাছে ছুটে গিয়েছিলেন লিটল মাস্টার। পেনটা ধোনির দিকে এগিয়ে দিয়ে নিজের বুকে জামার ওপর তাঁর অটোগ্রাফ চেয়েছিলেন (MS Dhoni's autographed shirt)। ধোনি প্রথমে থতমত খেয়ে গেলেও সানির বুকে সই করে দেন।
কিন্তু কেন সানি কেন এমন কাণ্ড ঘটালেন? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন। গাভাসকারের কথায়, 'আমি যখনই জানতে পারি ধোনি দর্শকদের উদ্দেশ্যে মাঠ পরিক্রমা করবে, তখনই ঠিক করে ফেলি যে ওর থেকে একটা অটোগ্রাফ নেব। চিপকে হয়তো এটাই ধোনির শেষ হোম ম্যাচ ছিল। তবে সিএসকে প্লে-অফে উঠলে নিশ্চয় ও এখানে খেলার সুযোগ পাবে। আমি ওই মুহূর্তটা বিশেষ করে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।'
সানি আরও যোগ করেন, 'ধোনিকে কে না ভালবাসেন? এতদিন ধরে ভারতীয় ক্রিকেটের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ও যেভাবে ভারতীয় তরুণদের কাছে রোলমডেল হয়ে উঠেছে তা অবিস্মরণীয়।'
রবিবার চিপক দেখেছিল ঐতিহাসিক মুহূর্ত। ধোনিদের বিদায় হয় না। তিনি চলতি আসরে এখনও রয়েছেন। দল প্লে অফে গেলে তিনি মাঠে নামবেন। কিন্তু ধোনিকে নিয়ে আবেগ, কোনও কিছু দিয়েই মাপা যায় না।
ধোনির অবসর জল্পনা ওড়াল সুপার কিংস, ফ্র্যাঞ্চাইজি কর্তা দিলেন বড় খবর