.webp)
শেষ আপডেট: 9 October 2023 12:14
বার্ধক্যে বড় ভরসা লাঠি। একটা লাঠি না থাকলে দেহের ভার বহন যে বড়ই কঠিন। এটা অনুভব করেই এগিয়ে আসা পাঁচ বন্ধুর। রবিবার এক গুচ্ছ ওয়াকিং স্টিক নিয়ে গ্রামে গ্রামে ঘুরলেন তাঁরা। শতাধিক বৃদ্ধ-বৃদ্ধার হাতে তুলে দিলেন সেই লাঠি। পুজোর আগে যেন আলো খেলে গেল পড়ন্ত বেলার মানুষগুলির চোখে মুখে।
সুন্দরবনের প্রভাকর দাস, পলাশ সাহা, শুভজিত মণ্ডল, সুদীপ বসু, বান্টি মজুমদার। ক্যানিংয়ের মাতলা ১ নম্বর পঞ্চায়েতের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাঁরা। বিভিন্ন পেশায় যুক্ত। নানা সময় দেখেছেন ভাঙা ডাল নিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের এক পা-দু’পা করে হেঁটে বেড়াতে। কারও কারও হাতে ব্যবহারের অযোগ্য ভাঙা লাঠি। কিছুতে ভর না রেখে যে এক পা হাঁটারও ক্ষমতা নেই তাঁদের। প্রভাকর-পলাশরা বলেন, “একান্ত প্রয়োজনীয় হলেও ওয়াকিং স্টিক নিয়ে হেঁটে যাওয়াটা সুন্দরবনের মানুষের কাছে রীতিমতো বিলাস। তাই আমরা পাঁচ বন্ধু ঠিক করি, আমাদের টাকা দিয়েই বেশ কিছু ওয়াকিং স্টিক কিনব, আর তা তুলে দেব দাদু-দিদাদের হাতে।”
শুভজিতের কথায়, “আমাদের দেওয়া লাঠিতে ভর করে ওঁরা যদি একটা বা দুটো দুর্গা প্রতিমা দর্শন করতে পারেন, তাহলে নিজেদের ধন্য মনে করব।” রবিবার ক্যানিংয়ের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বৃদ্ধবৃদ্ধাদের হাতে লাঠি তুলে দেন তাঁরা। ভর রাখতে হাতের মুঠোয় এমন লাঠি পেয়ে রীতিমতো খুশি মিঠু ওঝা, বাসন্তী দাস, অরুণ হালদাররা।
দারুণ খুশি মিঠু-বাসন্তী-অরুণরা বলেন, “পুজোতে এমন উপহার পেয়ে সত্যিই খুব ভাল লাগছে। মনে হচ্ছে এবার ভালভাবেই হেঁটেচলে বেড়াতে পারব। ওদের অনেক আশীর্বাদ করছি।”