
স্কুলের ছুটি আরও বাড়ল - ফাইল চিত্র
শেষ আপডেট: 27 May 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত গরমের কারণে গত ২২ এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছিল। গরমের ছুটির পর কবে খুলবে স্কুল তা সেই সময়ে জানানো না হলেও সম্প্রতি শিক্ষা দফতর সূত্রে জানা গেছিল, আগামী ৩ জুন খুলতে চলেছে স্কুল। তবে তেমনটা হচ্ছে না। নির্ধারিত দিন থেকে স্কুলে পঠনপাঠন শুরু করতে হচ্ছে না পড়ুয়াদের। অবশ্য ৩ জুন থেকে স্কুলে খুলে যাবে শিক্ষক-শিক্ষিকাদের জন্য।
স্কুলের ছুটি ২ জুন থেকে বাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ ৩ তারিখ থেকে শিক্ষক-শিক্ষিকাদের জন্য স্কুল খুলে গেলেও পড়ুয়ারা আরও এক সপ্তাহ ছুটি পাবে। সরকার এবং সরকার-পোষিত সমস্ত স্কুলকেই এই নিয়ম মানতে হবে। এখন চলছে লোকসভা ভোট। আগামী ১ জুন শেষ দফার নির্বাচন। ওদিকে ৩ জুন স্কুল খোলার পরের দিনই আবার ভোটের ফল প্রকাশ। তাই গণ্ডগোলের আশঙ্কা থেকেই যাচ্ছে। অনেকের ধারণা, সব মিলিয়েই এই ছুটি বাড়ানো হয়েছে।
এই মুহূর্তে ভোটের কাজে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গার স্কুলগুলিতে থাকছেন। তাই তারা চলে যাওয়ার পর ওই স্কুলগুলির কী অবস্থা থাকবে, আদৌ ক্লাস করার মতো পরিস্থিতি হবে কিনা, সেটাও দেখার বিষয়। অন্যদিকে আবার ভোটের পরের কয়েক সপ্তাহ পর পর্যন্তও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। তাই স্কুলগুলিকে পঠনপাঠনের উপযোগী করে তুলতে একটু সময় নেওয়া হচ্ছে। তাই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল।
টানা স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে সিলেবাস শেষ করা যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় ছাত্রছাত্রী-অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। ফলে স্কুল খুললেই বাড়তি ক্লাস করানোর পরিকল্পনাও করা হয়েছে। শিক্ষামহলের একটা বড় অংশ মনে করছে, ভোটের ফলপ্রকাশের পরের দিন অর্থাৎ ৫ তারিখ থেকেও স্কুল খোলা যেত।