
শেষ আপডেট: 30 July 2022 10:43
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাজ্য বিজেপির (BJP) 'চোর ধরো জেলে ভরো' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড হাজরায়। পুলিশের সঙ্গে বিশাল ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। এদিনের কর্মসূচি ঘিরে সকাল থেকেই হাজরা মোড়ে ছিল বিশাল পুলিশ বাহিনী। এই কর্মসূচিতে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumder) এসে পৌঁছাতেই পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব বিজেপি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। প্রায় প্রতিদিনই রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে একাধিক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। শনিবার তেমনই এক কর্মসূচিতে জড়ো হয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা।
তবে সকাল থেকেই এদিন হাজরা মোড় চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশ সূত্রে খবর, অনুমতি না নিয়েই এই কর্মসূচি নিয়েছিল বিজেপি। এদিন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তাই আগে থেকেই এখানে পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই দফায় দফায় বিজেপি সমর্থকদের আটক করে পুলিশ।
এদিন বেলা আড়াইটে নাগাদ ঘুরপথে এই কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তিনি গাড়ি থেকে নামতেই পুলিশ তাঁকে আটক করে নিয়ে চলে যায়। সঙ্গে সব বিজেপি সমর্থকদেরও আটক করা হয়।

সুকান্তর কথায়, "এই পুলিশ তৃণমূল ক্যাডারের মতো আচরণ করছে। আগেও আমাদের কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। আমরা আজ এখানে পোস্টার লাগাতে এসেছি। জানি না কোন আইনে পোস্টার লাগানো অপরাধ।" এই বলেই তিনি গাড়ি থেকে পোস্টার বার করেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে সুকান্তকে আটক করে নেয়। এখনও হাজরা মোড়ে মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী।
অভিষেকের অফিসের সামনে থেকে চাকরি প্রার্থীদের তুলে দিল পুলিশ, ধস্তাধস্তি ক্যামাক স্ট্রিটে