দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর কোভিড পজিটিভ হওয়ার খবর জানা গিয়েছিল। আজ বুধবার তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিধাননগরের বিধায়ক ভাল আছেন।
সুজিতবাবুর বাড়ির এক পরিচারিকার সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর টেস্ট করে দেখা যায়, তিনি, তাঁর স্ত্রী এবং আরএক পরিচারিকাও কোভিডে আক্রান্ত হয়েছেন। যদিও প্রথমে তাঁর কোনও উপসর্গ ছিল না। তাই হোম আইসোলেশনেই ছিলেন মন্ত্রী। কিন্তু গতকাল রাতে সুজিতবাবুর জ্বর আসে। ঝুঁকি না নিয়ে এদিন সকালেই তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে রাজ্যের কোনও মন্ত্রী কোভিডে আক্রান্ত হননি। সুজিতবাবুই প্রথম। গত সপ্তাহেই এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমি তো ববি, সুজিত সবাইকে বলেছি, সাবধানে থাকতে! কিন্তু কী করা যাবে ঝুঁকি তো সবারই রয়েছে।"
এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা ফলতার তিন বারের বিধায়ক তমোনাশ ঘোষেরও কোভিড সংক্রমণ ধরা পড়েছিল। তাঁর পরিবারেরও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুজিতবাবুর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
কোভিড সংক্রমণ থেকে অনেকেই সেরে উঠছেন। বুধবার সকালের হিসেব, সারা দেশে সুস্থ হয়েছেন এক লক্ষের বেশি মানুষ।