
শেষ আপডেট: 31 August 2023 10:37
দ্য ওয়াল ব্যুরো: তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এও বলেছিলেন, এও তো একপ্রকার র্যাগিং।
বৃহস্পতিবার একই ভাবে তাঁর অসন্তোষ জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। সংবাদমাধ্যমে একাংশে গত কয়েকদিন এই খবর প্রকাশিত হয়েছিল যে পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের সূত্র ধরে ৩১ অগস্ট সুজিত বসুকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সুজিত এক সময়ে দক্ষিণ দমদম পুরসভায় ভাইস চেয়ারম্যান ছিলেন। তখনই এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। এ ব্যাপারে সুজিতকে প্রশ্ন করা হলে, তিনি দ্য ওয়ালকে তখনও বলেছিলেন, সিবিআইয়ের কোনও চিঠি তিনি পাননি।
বৃহস্পতিবার ছিল সেই ৩১ অগস্ট। ফলে কৌতূহল ছিল যে সুজিত সিবিআই দফতরে যাবেন কিনা। কিন্তু সকালে বাড়িতে অভ্যাসমতো পুজো সারেন সুজিত। তারপর কপালে চন্দনের ফোঁটা দিয়ে, হলুদ নকশা করা পাঞ্জাবি পরে দুপুরে সাংবাদিক বৈঠক করেন। সেখানে সুজিত বলেন, 'আমাকে র্যাগিং করা হচ্ছে। আমি গোড়া থেকে বলছি যে সিবিআইয়ের চিঠি পাইনি। আমাকে ডাকা হলে নিশ্চয়ই যাব। সহযোগিতা করব। কিন্তু তার পরেও কিছু সংবাদমাধ্যম দাবি করে গিয়েছে যে ৩১ অগস্ট আমাকে তলব করা হয়েছে। আমার কাছে তো কোনও চিঠি নেই। সংবাদমাধ্যমের কাছে তা থাকলে দেখাক।'
সুজিত বলেন, চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন তিনি। সমাজে তাঁর মর্যাদা রয়েছে। তাঁকে প্রচুর মানুষ ভালবাসেন। ভুল খবর ছড়িয়ে তাঁর মর্যাদাহানি করা হচ্ছে। তাঁকে যাঁরা ভালবাসেন তাঁদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এটা বন্ধ করতে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন দমকল মন্ত্রী।
সিবিআইয়ের নোটিস দেওয়ার খবর নিয়ে বলতে গিয়ে এদিন সুজিত বলেন, 'এই খবর ছড়ানোর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে। কালি ছেটানোর চেষ্টা হচ্ছে। কে বা কারা জড়িত রয়েছে সেটাই তদন্ত করে দেখতে হবে। দোষীদের শাস্তি হোক।'
আরও পড়ুন: মমতার সঙ্গে স্পেনে যেতে চান কুণাল, আপত্তি করল সিবিআই, প্রশ্ন হাইকোর্টেরও