
সুজয়কৃষ্ণ ভদ্র।
শেষ আপডেট: 30 December 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এসএসকেএম থেকে অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে তাঁর পছন্দের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল। সূত্রের খবর, আদালতের অনুমতি ক্রমেই এদিন বিকেলের পর কাকুকে আলিপুরের সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা পুলিশকে কাকুর পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি দেখতে বলেছে আদালত। হাসপাতাল সূত্রের খবর, কাকুর শারীরিক অবস্থা সঙ্কটজনক। যে কারণে তাঁকে এই মুহূর্তে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু দীর্ঘদিন ধরেই অসুস্থ। এদিন জেল থেকে আদালতে আসার পথে আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ফলে এদিনও নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
এর আগেও আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কাকু। এদিন আদালতে তাঁর আইনজীবী ওই হাসপাতালে সুজয়কৃষ্ণকে ফের স্থানান্তরের আবেদন জানান। নিজের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও দেখান তিনি। এরপরই স্থানান্তর করার অনুমতি দেয় আদালত।
একই সঙ্গে কাকুর নিরাপত্তায় সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। কিন্তু সোমবার ৩০ ডিসেম্বরও চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করা গেল না। এ নিয়ে এদিনন এজলাসে আক্ষেপও করতে দেখা যায় বিচারককে। তিনি বলেন, 'চেষ্টায় ত্রুটি রাখিনি, কিন্তু সব কিছু তো আমার নিয়ন্ত্রণে নেই'।
শুনানির পরবর্তী দিন হিসেবে ২ জানুয়ারি নির্ধারিত করেছে আদালত। এখন দেখার সেদিন চার্জগঠন হয় কিনা।