
সুজয়কৃষ্ণ ভদ্র
শেষ আপডেট: 16 December 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: সুজয়কৃষ্ণ ভদ্রকে সশরীরের হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ করে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। নির্দেশ এই যে, কালীঘাটের কাকুকে সশরীরে হাজির করিয়ে হেফাজতে নিতে পারবে সিবিআই।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি। ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১৮ ডিসেম্বর সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে থাকতে হবে কালীঘাটের কাকুকে।
সুজয়কৃষ্ণকে জেল হাসপাতাল থেকে আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল। তখনই আগাম জামিনের আবেদন করা হয়। সেই আবেদন খারিজ করে বিচারপতি জানতে চান, তিনি এই মুহূর্তে কোথায় আছেন! যার উত্তরে 'কাকু' জানান তিনি জেল হাসপাতালে রয়েছেন।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যাঁরা গ্রেফতার হয়েছিলেন, যাঁদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র স্পেশ্যাল কোর্ট। ডিসেম্বরের ১৮ তারিখ সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় কোর্ট।