দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন শুরু হতে না হতেই বিস্ফোরণ পাকিস্তানে।
কোয়েটা শহরে একটি নির্বাচন কেন্দ্রের কাছে বুধবার সকালে বিস্ফোরণ হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণে পাঁচ পুলিশকর্মী এবং দুই নাবালক সহ মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের। আহত হয়েছেন প্রায় ৩২ জন। সূত্রের খবর আচমকাই নির্বাচনী কেন্দ্রে ঢুকতে যায় এক ব্যক্তি। পুলিশ বাধা দিলে সঙ্গে সঙ্গেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সে।
২০১৮ সালের এই নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দী হলেন নওয়াজ শরিফ এবং ইমরান খান। জনমত সমীক্ষা বলছে, নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকবেন নওয়াজের দল 'পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন'। তবে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নওয়াজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন ইমরান খান। তাঁর দল পাকিস্তান 'তেহেরিক-ই-ইনসাফ' এই নির্বাচনে শরিফের দলকে সেয়ানে সেয়ানে টক্কর দেবে বলেই মনে করছেন সে দেশের রাজনৈতিক মহল।