
শেষ আপডেট: 27 February 2024 23:01
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে হঠাৎই ভয়াবহ আগুন লেগে গেল পশ্চিম মেদিনীপুর জেলার বুড়িশোলের জঙ্গলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাত ৯টা নাগাদ আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ভাদুতলা থেকে লালগড় যাওয়ার রাজ্য সড়কের পাশে থাকা শালের জঙ্গলে। এলাকাটি বুড়িশোলের জঙ্গল নামে পরিচিত।
হালকা হাওয়া থাকায় সেই আগুন মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে। কিছুক্ষণের জন্য গোটা রাস্তা ঢেকে যায় ধোঁয়ায়। খবর পেয়ে বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন বন দফতরের কর্তারাও। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।
তবে আগুন দ্রুত গতিতে জঙ্গলের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ছড়িয়ে পড়ায় তা আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। একসময় এই এলাকায় মাওবাদীর ঘাঁটি ছিল।
কাকতালীয়ভাবে এদিনই শিলদার ইএফআর ক্যাম্পে মাও হামলার ঘটনায় ২৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে মেদিনীপুর জেলা আদালত। তারপরই বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ আগুনের খবর সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জেলা পুলিশের এক কর্তা বলেন, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সূত্রের দাবি, জঙ্গল পথে কেউ হয়তো জ্বলন্ত সিগারেট বা বিড়ি জাতীয় কিছু ফেলে দিয়ে থাকতে পারেন। তা থেকেই এই ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।