
শেষ আপডেট: 9 July 2023 05:30
দ্য ওয়াল ব্যুরো: সুদানে গৃহযুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। সুদানের এই যুদ্ধের নেপথ্যে রয়েছে দুই যুযুধান বাহিনী— সুদানি সেনাবাহিনী এবং অত্যন্ত শক্তিশালী আধাসেনা বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ বা আরএসএফ। দুই মিত্র যখন সম্মুখ সমরে নামে, তখন কী পরিস্থিতি হতে পারে সেটাই দেখছে সুদানের মানুষ, দেখছে বিশ্ব। সেই লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। শনিবারও রক্ত ঝরল এই সুদানে। বিমান হানায় (Sudan Airstrike) প্রাণ গেল ২২ জনের!
সুদানের (Sudan) অন্যতম সুন্দর শহর ওমদুরমান। সেই সুন্দর শহরের ওপরই শনিবার হামলা চালানো হয়েছিল। শুধু ২২ জনের মৃত্যু নয়, আহত আরও অনেকে। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
সুদানের ক্ষমতা কার দখলে থাকবে, সেই নিয়েই গত মাস তিন ধরে ও দেশের সেনা ও আধাসেনার মধ্যে 'মারাত্মক' লড়াই চলছে (Sudan Conflict)। সুদানের এই ঝামেলার মূলে রয়েছে দুই চরিত্র। সেনাপ্রধান জেনারেল আবদেল ফতাহ আল-বুরহান এবং তাঁর ডেপুটি জেনারেল মোহম্মদ হামদান দাগালো, যাঁকে সকলে ‘হেমেত্তি’ নামেই চেনেন।
এই দুই যুযুধান প্রতিপক্ষ, ক্ষমতার লড়াইয়ে নেমেছেন। শক্তি প্রদর্শনের যুদ্ধ চলছে সুদানে, আর সেই যুদ্ধে প্রাণ হারাচ্ছেন নিরীহ কিছু মানুষ। প্রায়ই কোনও না কোনও পক্ষ বিপক্ষের ঘাঁটিতে হামলা করছে, পাল্টা জবাব দিচ্ছে অন্য পক্ষও। বারুদের গন্ধই ভাসছে সুদানের আকাশে বাতাসে। আর মুহুর্মুহু শোনা যাচ্ছে গুলি, বোমার শব্দ। এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই লড়াইয়ে শেষ কবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে। সুদানের মানুষ চাইছেন এই 'নরক যন্ত্রণা' থেকে মুক্তি।