
শেষ আপডেট: 26 December 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কোন্দল যেন রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো। শেষ হইয়াও হইল না শেষ!
আগামী ২৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার চাকলা মন্দির সংলগ্ন ময়দানে কর্মীসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কোন্দল মিটিয়ে ফেলতে দলের সাংসদ এবং বিধায়ককে ‘মুখ বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে ফের জগৎদলের বিধায়কের উদ্দেশে অর্জুন সিং বললেন, “দলের সভাপতি সুব্রত বক্সি তিনি আমাকে স্পষ্ট বলেছেন, এই ধরনের চুনোপুঁটি লোকেদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। যারা শৃঙ্খলাভঙ্গ করছে দল তাঁদেরকে বুঝে নেবে। তাই এদের ব্যাপারে আমি আর কোনও কথা বলব না। তাই সাংবাদিক বৈঠক ডেকেছি।”
একই সঙ্গে অর্জুন জানান, “এদের ব্যাপারে দল বুঝলে ভাল, না বুঝলে মানুষ বুঝে নেবে।”
এই প্রসঙ্গেই ২০০৯ সালের লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে ব্যারাকপুরের সাংসদ বলেন, “২০০৯ সালে দীনেশ ত্রিবেদী যখন লোকসভায় প্রার্থী হয়েছিল তখন এই জেলায় আমি একমাত্র তৃণমূলের বিধায়ক ছিলাম। একা লড়েছিলাম। মনে রাখবেন আমি তৃণমূলের চারবারের বিধায়ক। জেলে থেকেও ভোটে জিতেছি। এমনকী বিজেপিতে গিয়েও ভোটে জিতেছিলাম। এলাকার মানুষ সব সময় আমার সঙ্গেই রয়েছেন।”
মাস দেড়েক আগে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছিল জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদবের। ওই ঘটনায় জড়িত সন্দেহে গত ২১ ডিসেম্বর অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু যাদব ওরফে সঞ্জীব যাদবকে গ্রেফতার করে পুলিশ। এরপরই অর্জুন সিংয়ের বিরুদ্ধে সমাজবিরোধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন জগৎদলের বিধায়ক। পাল্টা আক্রমণ করেন অর্জুন সিংও। তিনি সোমনাথ শ্যামের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরির অভিযোগ আনেন। প্রকাশ্য সভায় তাঁকে 'পোল্ট্রি মুরগি' বলে কটাক্ষ করেন। পাল্টা আক্রমণ শানান সোমনাথও।
সাংসদ বনাম বিধায়কের লড়াইকে ঘিরে রীতিমতো প্রকাশ্যে চলে এসেছে দলের অন্তর্কলহ। পরিস্থিতির জন্য অবশ্য জেলা নেতৃত্বকেই দুষেছেন অর্জুন। তাঁর দাবি, “একটা লোক মিথ্যের পর মিথ্যে বলে যাবে, অথচ দলের তরফে তার উত্তর না দেওয়া হলে লোকে ভাববে, ওই লোকটা সত্যি কথা বলছে। তাই মুখ খুলতে বাধ্য হয়েছি। কারণ, আমার ভাইপোর বিরুদ্ধে কোনও অভিযোগই নেই পুলিশের কাছে। তারপরেও কোনও প্রমাণ ছাড়াই ভাইপোকে খুনি বানানোর চেষ্টা হলে আমি তো চুপ করে বসে থাকতে পারি না।”