
শেষ আপডেট: 17 November 2023 16:47
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ তোলেন স্কুলের এক শিক্ষিকা। এনিয়ে থানায় অভিযোগও দায়ের করেন ওই শিক্ষিকা। আর সেই ঘটনায় শুক্রবার প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। দাহ করা হয় প্রধান শিক্ষকের কুশপুতুল। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের কনিয়াড়া যাদবচন্দ্র হাই স্কুলের ঘটনা।
পড়ুয়াদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোনও ছাত্র-ছাত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না, সঠিকভাবে স্কুলের ক্লাস নেন না। তাঁর ঘরের জানলা দরজা সব সময় বন্ধ করে কথা বলেন। তাই তিনি প্রধান শিক্ষকের দায়িত্বে থাকলে তারা ক্লাস করবে না। যদিও ছাত্র-ছাত্রীদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক অনুপম সরদার। তিনি বলেন, শিশুমনে বিষ ঢুকিয়ে দেওয়ার কাজ চলছে। যার নেপথ্যে রয়েছেন তাঁরই স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা।
শুক্রবার স্কুলের সামনের রাস্তায় বসে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। না হলে তারা স্কুলের ক্লাস করবে না, বন্ধ থাকবে পঠনপাঠন। ঘটনাটির সূত্রপাত হয় গত অক্টোবর মাসে। সেসময় কনিয়াড়া যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়েরই এক শিক্ষিকা তাঁকে উত্ত্যক্ত করার অভিযোগ করেছেন বনগাঁ থানায়।
শিক্ষিকার অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক অনুপম সরদার বলেন, ''স্কুলের ওই শিক্ষিকা আমার বিরুদ্ধে তাঁকে উত্ত্যক্ত করার এবং নানা কারণে তাঁকে অফিসে ডাকার পাশাপাশি তাঁকে বিভিন্ন জায়গায় কাজে পাঠানোর অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন, সবটাই ওই শিক্ষিকাকে ম্যানুপুলেট করে করা হয়েছে।'' একইসঙ্গে মুষ্ঠিমেয় কয়েকজন শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের তাঁর বিরুদ্ধে 'ব্যবহার' করছে বলেও অভিযোগ তাঁর।