
শেষ আপডেট: 8 February 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: দ্বদশ অবধি অপেক্ষা নয়, একাদশ শ্রেণি থেকে ছাত্র-ছাত্রীদের হাতে থাকবে ট্যাব। তার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাজ্য বাজেটে স্কুল পড়ুয়াদের জন্য নতুন ভাবনা রাজ্য সরকারের।
স্কুল পড়ুয়া, তরুণ উদ্যোগপতি, শিক্ষানবিশদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে। এদিন বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্কুল পড়ুয়াদের জন্য ‘তরুণের স্বপ্ন’ নামে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এবার সেই টাকা একাদশ শ্রেণির পড়ুয়ারাও পাবে।
২০২১ সাল থেকে এই ‘তরুণের স্বপ্ন’ নামক প্রকল্প চালু করা হয়েছিল। যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, তারা আবেদন করতে পারতেন। পারতেন। পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হত ১০ হাজার টাকা। তবে এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে একাদশ শ্রেণি থেকেই।
অর্থমন্ত্রী বলছেন, পড়ুয়ারা যাতে আরও ভাল পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সে জন্যই এই ভাবনা রাজ্য সরকারের। পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না। এখন থেকে ট্যাব পেলে প্রস্তুতি আরও ভাল হবে। তাই একাদশ শ্রেণি থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ঢোকানো হবে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন প্রযুক্তির উপর নির্ভরশীল। করোনার সময় পঠনপাঠনের ধরনই বদলে গিয়েছিল। অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের। তাই সেই সময় থেকেই পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এখন সব ক্লাসই অফলাইনে হচ্ছে। তাও পড়ুয়াদের সুবিধা ও পড়াশোনা আরও ভাল করে করার জন্য প্রকল্পটি চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তবে শিক্ষা দফতর আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, একাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্কের যাবতীয় তথ্য দ্রুত জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) মাধ্যমে পাঠাতে হবে। আর রাজ্য বাজেটে সেটাই সরকারিভাবে ঘোষণা করা হল।