দ্য ওয়াল ব্যুরো : বিজেপির প্রাক্তন মন্ত্রী চিন্ময়ানন্দকে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগে বুধবারই গ্রেফতার হয়েছেন শাহজাহানপুরের এক কলেজছাত্রী। তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। তিনি আপাতত জেলেই থাকবেন। ওই ছাত্রী অভিযোগ করেছিলেন, গত এক বছর ধরে চিন্ময়ানন্দ তাঁকে ধর্ষণ করেছেন। প্রাক্তন মন্ত্রী পালটা অভিযোগ করেন, ওই কলেজছাত্রী তাঁকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চেয়েছিল।
ধৃত ছাত্রীর পরিবার এদিন অভিযোগ করে, পুলিশ মেয়েটিকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। তাঁকে জুতোও পরতে দেয়নি। ২৩ বছর বয়সী ওই ছাত্রীর বিরুদ্ধে চাপ দিয়ে টাকা আদায়, ভয় দেখানো এবং প্রমাণ লোপাট করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ করেন, পুলিশ জোর করে তাঁকে অ্যারেস্ট মেমোয় সই করিয়েছে।
এর আগে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয়। সেই টিমের সদস্য ভারতী সিং বলেন, মেয়েটি চাপ দিয়ে টাকা আদায়ের কথা স্বীকার করেছে। তদন্তকারী টিমের প্রধান নবীন অরোরা বলেন, আমরা প্রমাণ পেয়েছি, চিন্ময়ানন্দকে চাপ দিয়ে ৫ কোটি টাকা আদায়ের চেষ্টা হয়েছিল।
৭২ বছরের চিন্ময়ানন্দকে গত শুক্রবার পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পরে তিনি বলেন, বুকে যন্ত্রণা হচ্ছে। তিনি এখন হাসপাতালে আছেন। তাঁকে 'পর্যবেক্ষণে' রেখেছেন ডাক্তাররা।
সাংবাদিকরা পুলিশকে প্রশ্ন করেন, চিন্ময়ানন্দকে বন্দি অবস্থায় জেরা করা হচ্ছে না কেন? বিশেষ তদন্তকারী টিম বলে, তাঁর থেকে বিশেষ কিছু জানার নেই। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে পড়েছিল বিজেপি। দল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, চিন্ময়ানন্দের সঙ্গে এখন তাদের কোনও সম্পর্ক নেই। যদিও গত মাসেই শাহজাহানপুরে চিন্ময়ানন্দের আশ্রমের বাইরে একটি পোস্টার দেখা গিয়েছিল। যাতে তাঁর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি ছিল।