দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজত শিশুকে খুবলে খাচ্ছে কুকুর! যেখানে-সেখানে নয়, হাসপাতালের ভিতরে দেখা গেল এই ভয়ঙ্কর দৃশ্য! বালাসোর মেডিক্যাল কলেজের এই ঘটনায় শিশুটি ওই হাসপাতালেরই, নাকি তাকে কেউ বাইরে থেকে ফেলে দিয়ে গেছে, সে জীবিত ছিল না মৃত, তা এথনও জানা যায়নি।
হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালের এক কর্মচারীর হঠাৎ চোখে পড়ে, একটি কুকুর এক শিশুকে ছিঁড়ে খাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তার পরেই ওই সদ্যোজাতের দেহ উদ্ধার করা হয়। তখন অবশ্য তার প্রাণ নেই, আস্ত নেই শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলিও।
তবে এই প্রথম নয়। এর আগেও, চলতি মাসেরই ছ'তারিখে বালাসোরের একটি স্বাস্থ্য কেন্দ্রে এ ভাবেই এক সদ্যজাত শিশুর দেহ খুবলে খেয়েছিল কুকুর। চাঞ্চল্য পড়ে গিয়েছিল সেই ঘটনায়। স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু পরিস্থিতি যে আদৌ বদলায়নি, এই ঘটনা ফের তার প্রমাণ।
একেবারে সরকারি হাসপাতাল চত্বরে ঘটে গেল এমন ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ছেন, হাসপুাতালের কোনও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, আশপাশ থেকেও কোনও অভিযোগ জমা হয়নি স্থানীয় থানায়।
চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার জানিয়েছেন, কী ভাবে এই ঘটনা ঘটল, ওই শিশুটি এলই বা কোথা থেকে, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।