
শেষ আপডেট: 1 March 2023 12:22
দ্য ওয়াল ব্যুরো: দেশে উত্তরোত্তর বেড়েই চলেছে পথকুকুরের হিংস্র হামলার ঘটনা (Stray dog attack)। সেই ঘটনার প্রেক্ষিতে এবার অদ্ভুত মন্তব্য করলেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক বিরাঞ্চি নারায়ণ। তাঁর দাবি, সরকার যদি পথকুকুরের আক্রমণের ঘটনার মোকাবিলা করতে না পারে, তাহলে নাগাল্যান্ডের (Nagaland) লোকজনকে ডেকে পাঠানো হোক এখানে। তাঁরাই মুশকিল আসান করে দেবেন।
ঝাড়খণ্ডের বিধানসভার বাজেট অধিবেশনে বিতর্কিত মন্তব্যটি করেন বোকারোর বিধায়ক। তাঁর দাবি, শুধুমাত্র রাঁচির স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই প্রতিদিন গড়ে ৩০০ জন মানুষ কুকুর কামড়ানোর চিকিৎসা করাতে আসেন। 'সরকার যদি এই সমস্যার সমাধান করতে না পারে, তাহলে নাগাল্যান্ডের বাসিন্দাদের নিয়ে আসুন এখানে। সব সমস্যার সমাধান হয়ে যাবে,' দাবি তাঁর।
প্রসঙ্গত, নাগাল্যান্ডের মানুষজন কুকুরের মাংস খান। পথকুকুরের আক্রমণের সমস্যার সমাধানে তাঁদের সেই খাদ্যাভ্যাসের প্রতিই ইঙ্গিত করেছেন পদ্ম শিবিরের নেতা।
বিরাঞ্চি একা নন, এদিন ক্রমবর্ধমান কুকুরের আক্রমণের ঘটনা নিয়ে একই সুর শোনা গেছে অন্য বিধায়কদের গলাতেও। রাস্তার কুকুরের টিকাকরণ এবং নির্বীজকরণের অভাব যে সত্যিই সাধারণ মানুষের কাছে ভয়ের কারণ হয়ে উঠছে, সে কথা জানান তাঁরা। কুকুরের হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন বিধায়করা।
বিরাঞ্চি আরও জানিয়েছেন, বৈধ লাইসেন্স ছাড়াই পশুপ্রেমীরা পথকুকুরদের ইচ্ছে মতো দত্তক নিচ্ছেন। রাস্তার কুকুরদের ধরার, টিকা দেওয়ার কিংবা নির্বীজ করার কোনও ব্যবস্থাই বোকারোতে নেই বলে দাবি তাঁর। রাঁচির সমস্ত বড় শহরে সেই ব্যবস্থা থাকা উচিত বলে দাবি করেছেন গেরুয়া শিবিরের এই বিধায়ক।
ঝাড়খন্ড মুক্তি মোর্চার ধানবাদের বিধায়ক মথুরা মাহাতো জানিয়েছেন, যদিও বা সেই ব্যবস্থা থেকে থাকে, তাহলেও একটি জেলা থেকে কুকুরদের তুলে নিয়ে গিয়ে অন্য জেলায় ছেড়ে দিয়ে আসা হচ্ছে। বোকারো থেকে কুকুর ধরে ধানবাদে ছেড়ে দিয়ে আসা হচ্ছে বলে দাবি তাঁর।
সমস্ত বিধায়কদের মন্তব্যের জবাবে এদিন মন্ত্রী সত্যানন্দ ভোগতা জানিয়েছেন, সরকার শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেবে। পথকুকুরদের তুলে নিয়ে গিয়ে তাদের নির্বীজকরণ এবং টিকাকরণের যথাযথ ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে দেড় কেজি সোনা ও বিপুল টাকা উদ্ধার, তল্লাশি চালাচ্ছিল সিবিআই