
শেষ আপডেট: 30 May 2019 12:37
দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের ওয়েলসের উপকূলবর্তী এলাকার এই ঘটনায় সেখানে দল বেঁধে পৌঁছে গিয়েছেন সাংবাদিক, গবেষক, বিজ্ঞানীরা। জানা গিয়েছে, ওই জঙ্গলের বয়স চার হাজার বছরেরও বেশি। ইতিহাসের হিসেবে, ব্রোঞ্জ যুগের সময়ে তৈরি হয়েছিল এই অরণ্য। তার পরে প্রাকৃতিক বিপর্যয়েই মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল সেটি। অনুমান করা হচ্ছে, ভয়াবহ এক বন্যায় তখন ডুবে গিয়েছিল আস্ত জঙ্গলটি। তার পরে চার হাজার বছরেরও বেশি সময় ধরে মাটির নীচেই চাপা ছিল সেটি। কিন্তু এত দিন পরে একটা মাত্র ঘূর্ণিঝড়েই সব কিছু পাল্টে গেল। মাটির ওপরে উঠে এল ব্রোঞ্জ যুগের সেই জঙ্গলের গাছগুলির গোড়া!
সূত্রের খবর, গত সপ্তাহে, ২২ মে ওয়েলসে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যানা। উপচে ওঠে সমুদ্র। তখনই সমুদ্র-তীরবর্তী বর্থ এবং আনিস্লাস গ্রাম ছেডে় চলে যান সকলে। জল নামতেই, ওই দুই গ্রামের মধ্যবর্তী তিন-চার কিলোমিটার এলাকা জুড়ে আচমকা এক নতুন জঙ্গলের সন্ধান মেলে। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ওই জঙ্গলের গাছগুলি নিয়ে হইচই পড়ে যায় চার দিকে।
বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া সূত্রে ইতিমধ্যেই ওই জঙ্গলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে শিকড়-বাকড় সমেত বহু গাছের অবশিষ্ট অংশ মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কোনও কোনও গাছের ওপরে আবার ঘাসের আস্তরণও চোখে পড়েছে। হঠাৎ করে সামনে আসা এই জঙ্গল নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই।
মনে করা হচ্ছে, চার হাজার বছরের বেশি পুরনো এই অরণ্য ঘিরে গড়ে উঠতে পারে ট্যুরিজ়মও।