
শেষ আপডেট: 16 October 2023 20:24
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গাড়ি থামিয়ে টাকা পয়সা লুঠ করল ডাকাত দল। পুজোর আগে এই ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কুলতলিতে।
কলকাতা থেকে মুদির দোকানের জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। সেই সময় আচমকাই ব্যবসায়ীর রাস্তা আটকায় কয়েকজন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছে থাকা ৭ লক্ষ টাকা লুঠ করে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। গাড়ির চালক ও খালাসিকে ব্যাপক মারধর করে। এতে একজনের মাথা ফেটে যায়। অন্য জনও আহত হয়।
ওই ব্যবসায়ীর অভিযোগ, রাত আড়াইটে নাগাদ কুলতলি থানার জামতলা বাজারের কাছে রয়েছে তাঁর মুদির দোকান। পুজোর মরশুম তাই দোকানের সরঞ্জাম কিনতেই কলকাতায় যাচ্ছিলেন তাঁরা। দুটি মোটরবাইক এসে হালদার মোড়ের কাছে তাদের পথ আটকায়। এরপর আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের ভয় দেখিয়ে টাকা পয়সা লুঠ করে পালিয়ে যায়।
আক্রান্তরা জানিয়েছে, পালানোর সময় শূন্যে গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই কুলতলী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। পুজোর মরশুমে এই ঘটনায় আতঙ্ক বাড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। পুলিশের কাছে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।