
শেষ আপডেট: 12 January 2023 03:35
দ্য ওয়াল ব্যুরো: ১৯ জানুয়ারি অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) যাত্রা শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। এর আগেই ১১ জানুয়ারি, বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে (Vishakhapatnam) বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর (Stone)। এই ঘটনায় ট্রেনটির একটি কামরার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, বুধবার ট্রায়াল রান শেষ হওয়ার পর ট্রেনটি বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে মারিপালেমের কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় এই ঘটনাটি ঘটে।
রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, "বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে কোচিং কমপ্লেক্সের দিকে যাওয়ার পথে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছুড়েছে অজ্ঞাতপরিচয় কয়েকজন। আরপিএফের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।"
বুধবার রেলের ডিআরএম অনুপ জানান, "রেকটি আজই চেন্নাই থেকে এসেছিল। দুষ্কৃতীদের শনাক্ত করা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের আচরণ খুবই দুর্ভাগ্যজনক।"
জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করে অন্ধ্রপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করবেন। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম অবধি রাস্তা আট ঘণ্টার মধ্যে পার করবে ট্রেনটি। মাঝে ওয়ারাঙ্গল, খাম্মাম, বিজয়ওয়াড়া এবং রাজমুন্দ্রিতে থামবে বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেসে পরপর আক্রমণ! পাথর ছোড়ার সেই ছবি প্রকাশ করল রেল