
শেষ আপডেট: 4 November 2022 12:44
দ্য ওয়াল ব্যুরো: সিঁথির মোড়ের পর ফের কলকাতায় (Kolkata) অস্ত্র (arms) উদ্ধার। শুক্রবার সকালে এপিসি রোডের উপর গ্রেফতার করা হয় এক দুষ্কৃতীকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি, বন্দুক এবং নগদ টাকা। কলকাতা পুলিশের এসটিএফ (STF) শাখার হাতে ধরা পড়েছে সেই ব্যক্তি।
সূত্রের খবর, ধৃতের নাম জয় ওরফে মানিক চৌধুরী। সে আলিপুরের বাসিন্দা। তাকে গ্রেফতার করার পরেই মোট ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে তিনটি সেমি অটোমেটিক পিস্তল এবং একটি দেশি পিস্তল। এছাড়াও ধৃতের কাছ থেকে মিলেছে ১০০ রাউন্ড গুলি ও নগদ টাকা। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
অস্ত্রগুলি কোথাও পাচারের ছক ছিল কিনা এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন এসটিএফের তদন্তকারী অফিসাররা। ধৃতের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন গোয়েন্দারা। তদন্ত করে দেখা হবে, এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত অক্টোবরে সিঁথির মোড়ের কাছে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পুজোর মরসুমে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল কলকাতা পুলিশের অন্দরে। সঙ্গে সঙ্গে এর তদন্ত শুরু হতেই গোয়েন্দার হাতে ধরা পড়ে পাচার চক্রের মাথারা। জানা যায়, বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচার করছিল ওই চক্রটি। গ্রেফতার হয় মহম্মদ ইমতিয়াজ ওরফে আব্বু ও মহম্মদ শাহিল মল্লিক নামের বিহারের দুই অস্ত্র পাচারকারী।
‘হাইকোর্ট যে হারে ডিএ দিতে বলছে তা অসম্ভব, বিপর্যয় হতে পারে’, সু্প্রিম কোর্টে গেল রাজ্য