
শেষ আপডেট: 16 April 2023 02:09
দ্য ওয়াল ব্যুরো: আতিক আহমেদ (Atiq Ahmed) হত্যার পর গভীর রাতেই জরুরি বৈঠক ডেকেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেখানে রাজ্য পুলিশ অফিসারদের (Cops) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি প্রয়াগরাজে গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে গুলি করে হত্যার পরে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কড়া পদক্ষেপ করার কথা বলা হয়েছে।
বৈঠকের পর রাতে মুখ্যমন্ত্রীর দফতর বিবৃতি দিয়ে বলে, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ অফিসারদের সতর্ক থাকতে, রাজ্যে শান্তি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণ যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।" এর পাশাপাশি আদিত্যনাথও জনসাধারণের কাছে এই ঘটনা সম্পর্কে কোনও গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করেছেন। সরকার জানিয়েছে, যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রয়াগরাজে আতিক আহমেদ হত্যার ঘটনার পরপরই নিজের বাসভবনে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ, রাজ্য পুলিশের ডিজিপি আর কে বিশ্বকর্মা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে জোড়া খুনের এক ঘণ্টার মধ্যে গোটা উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের হত্যার ঘটনা পুরোটাই ধরা পড়েছে ক্যামেরায়। দেখা গিয়েছে, আতিক এবং আশরাফকে জেল থেকে মেডিক্যাল করানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। পুলিশের গাড়ি থেকে নামার পর হাসপাতাল চত্বরে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। পরনে ছিল সাদা সুতির ঢোলা একটা জামা। মাথায় বাঁধা ছিল সাদা কাপড়। সেই সময়েই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় দু'জনকে।
আতিক হত্যার পর যোগীরাজ্যের ৭৫ জেলায় ১৪৪ ধারা জারি, সব পার্টির অফিসে কেন্দ্রীয় বাহিনী