.webp)
শেষ আপডেট: 24 November 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো: আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে সম্প্রতি বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল। তারই মাঝে ফের বিজেপি-তৃণমূল আঁতাত নিয়ে সরব হলেন নওসাদ।
শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে শর্তসাপেক্ষে ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ‘গোপন বোঝাপড়ার’ অভিযোগ এনেছেন আইএসএফ বিধায়ক।
আদালতের রায় প্রসঙ্গে নওসাদের ব্যাখ্যা, “প্রতিনিয়ত রাজ্য সরকার নয় সিঙ্গল বেঞ্চে নয় ডিভিশন বেঞ্চে আইনের চড় খেয়ে ফিরে আসছে। নতুন করে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাইনারি করার চেষ্টা হচ্ছে। এরাজ্যে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল। তাই রাজ্য সরকার বাংলায় বিজেপিকে সুবিধা করে দিতে বাইনারি করতে চাইছে।”
নিজের মন্তব্যের সপক্ষে নওসাদের যুক্তি, “একটা পার্টি তাদের প্রোগ্রাম পালন করবে, এতে আটকানোর কী আছে! কৌশলে এটা করা হচ্ছে, যাতে বাইনারি তৈরি করা যায়।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নওসাদ বোঝাতে চেয়েছেন, বাংলায় তৃণমূল এবং বিজেপি ছাড়া আর কোনও দল যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই চেষ্টাই করা হচ্ছে। তাই কৌশগত কারণেই বিজেপিকে অ্যাডভান্টেজ পাইয়ে দিতে আদালতে গিয়েছিল রাজ্য। অপর আর একটি অংশের মতে, তার বিরুদ্ধে তৈরি হওয়া বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ঝেড়ে ফেলতেই এমন কৌশলী মন্তব্য করেছেন নওসাদ।
ঘটনার সূত্রপাত, গত ৪ নভেম্বর। নন্দীগ্রাম থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারাব। অন্য কাউকে দাঁড় করে হারাব।” তারপরই নওসাদ সিদ্দিকি ঘোষণা করেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দল পারমিশন দিলে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করবেন তিনি।
এরপরই নওসাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে সরব হয় তৃণমূল। সম্প্রতি এক মঞ্চে দেখা গিয়েছিল নওসাদ ও শুভেন্দুকে। সেই প্রসঙ্গও টেনে আনেন শাসকদলের নেতারা। অন্যদিকে সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট গড়ে গত বিধানসভায় জয়ী হয়েছিলেন আইএসএফের নওসাদ সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে ওঠা বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় সিপিএমের অন্দরেও। যদিও পরে সিপিএমের রাজ্য সম্পাদক জানান, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নওসাদ প্রার্থী হলে দল সমর্থন করবে।
এমন আবহে কৌশলগত কারণেই নওসাদ এদিন বিজেপি ও তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।